
নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার এলাকায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর উপজেলা কমিটির প্রচার সম্পাদক ফাহাদ আহমেদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় বাজার এলাকা থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফাহাদ আহমেদ ও তার পরিবারের সদস্যরা।
অভিযোগ অনুযায়ী, সন্ধ্যার দিকে হেতিমগঞ্জ বাজারের একটি সড়কে ফাহাদ আহমেদকে কয়েকজন ব্যক্তি পথরোধ করে তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। এ সময় তাকে এলডিপির রাজনৈতিক কার্যক্রম থেকে সরে আসার জন্য চাপ দেওয়া হয় এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য বলা হয় বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে কয়েকজন তাকে ঘিরে ধরে মারধর করেন বলে ফাহাদের অভিযোগ। হামলায় ফাহাদের মুখমণ্ডলে আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন বলে তার পরিবার জানিয়েছে। ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় এক ব্যক্তি তাকে রিকশাযোগে বাড়িতে পৌঁছে দেন। সেখানে পরিবারের সদস্যরা তার আঘাতের চিকিৎসার ব্যবস্থা করেন।
ফাহাদ আহমেদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে এর আগেও তাকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হয়েছিল। এই ঘটনার সঙ্গে রামিম, আজির ও বাবলা নামের তিন ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ করেছেন ফাহাদ আহমেদ। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে এ প্রতিবেদন প্রকাশের সময় সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীর কয়েকজন জানান, ঘটনার সময় বাজার এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, হেতিমগঞ্জ বাজার এলাকায় একজন এলডিপি কর্মীকে মারধরের অভিযোগের কথা তারা শুনেছেন। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। ফাহাদ আহমেদ ও তার পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা