
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা কলেজের ছাত্রলীগকর্মী মোহাম্মদ নাসির উদ্দিনের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্বনাথ থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা আব্দুর রবের ছেলে রাসেল, তার পিতা আব্দুল রব ও চাচা আব্দুল হক।
আহত নাসির উদ্দিন বিশ্বনাথ থানার সৈয়দপুর গ্রামের তালেব আলীর পুত্র। তিনি দক্ষিণ সুরমা কলেজে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নাসির উদ্দিনকে তার ব্যাচের ক্রিকেট দলের অধিনায়ক করা হয়। একই কলেজে অধ্যয়নরত বিএনপি নেতা আব্দুর রবের ছেলে রাসেলও ওই দলে অন্তর্ভুক্ত ছিল। তবে খেলোয়াড় নির্বাচনের সময় রাসেলকে মূল একাদশে রাখা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সে ১৭ জানুয়ারি ২০২০ তারিখে নাসির উদ্দিনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
পরদিন ১৮ জানুয়ারি ২০২০, কলেজে যাওয়ার পথে লামাকাজি এলাকায় রাসেল তার সঙ্গীদের নিয়ে নাসির উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় নাসির উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম. এ. জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরদিন অদ্য ১৯ জানুয়ারি ২০২০ নাসির উদ্দিনের বড় ভাই রাজিব উদ্দিন বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রাসেল, তার পিতা আব্দুল রব ও চাচা আব্দুল হককে প্রধান আসামি করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার দাপটে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘দক্ষিণ সুরমা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলাটি নিয়মিতভাবে তদন্তাধীন রয়েছে।’
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা