• ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটে একদিনে আরও ৪ মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত জুন ২৪, ২০২১
সিলেটে একদিনে আরও ৪ মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৫৬ জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ১২৫ জনের শরীরে। এছাড়া এই চব্বিশ ঘণ্টায় সিলেটে হাসপাতালে ও বাড়ি চিকিৎসাধীন আরও ৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ১২৫ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৬৫২ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৩২১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯১৯ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬১৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ১২৫ জন করোনা আক্রান্ত রোগীর ৫৮ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ১৯ জন, হবিগঞ্জের ১৬ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১৫ জন। এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৭ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের ৭৩ জন সিলেট জেলার, ২ জন হবিগঞ্জে ও ১০ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৩ হাজার ৪১ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৫৮৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮০৩ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৯৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৫৯ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪ জন রোগী। তাদের ৪ জনই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৪৫৬ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৭৪ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারের ৩৩ জন।

এদিকে সিলেটের চার জেলা মিলে ২৮৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২৭৩ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ৮ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৬১ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন