
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় মৎস্য খামারি সমছ উদ্দিন হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি ছাত্র ইউনিয়ন নেতা মামুনুর রশীদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মামুন বড়লেখা সদর ইউনিয়নের বাসিন্দা ও সমছ উদ্দিন হত্যা মামলার ১ নং আসামি সিপিবি নেতা আব্দুস শুক্কুরের ছেলে। গ্রেপ্তার মামুনুর রশীদ ছাত্র ইউনিয়নের বড়লেখা ডিগ্রি কলেজের প্রচার সম্পাদকের দায়িত্বে আছেন।
শুক্রবার (২ সেপ্টেম্বর) ভোররাতে চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে মামুনুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওইদিন দুপুরে তাকে চট্টগ্রাম থেকে বড়লেখা থানায় আনা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে হত্যা মামলায় ছাত্র ইউনিয়নের বড়লেখা ডিগ্রি কলেজ শাখার প্রচার সম্পাদক মামুনুর রশীদ গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, ছাত্র ইউনিয়ন বড়লেখা ডিগ্রি কলেজ সংসদ।
গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সভাপতি ও সম্পাদকের এক বিবৃতিতে বলা হয়, শুধু মাত্র আদর্শিক সংগঠন করার কারণে ও স্থানীয় রাজনৈতিক এবং নির্বাচনী বিরোধের জেরে আমাদের এ কর্মীকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। এতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা জড়িত। আমরা অবিলম্বে মামুনুর রশীদের মুক্তি চাই।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা