
স্টাফ রিপোর্টার : জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সিলেটের মোগলাবাজার থানাধীন ধরমপুর গ্রামে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের এক সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে দুই দফা হামলা, কুপিয়ে হত্যাচেষ্টা, বসতবাড়িতে ভাঙচুর, মারধর, মোটরসাইকেল ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
মামলার বাদী ধরমপুর গ্রামের আকরাম উদ্দিনের পুত্র বাসিন্দা রায়হান আহমদ। তিনি গত ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে মোগলাবাজার থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারায় মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে মোগলাবাজার থানার ধরমপুর গ্রামের কুতুব উদ্দিনের পুত্র দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সদস্য রাসেল মিয়াকে। এছাড়াও মোগলাবাজার থানার ধরমপুর গ্রামের বটল মিয়ার পুত্র তানজিল আহমদ, মতিউর রহমানের পুত্র হাসান আহমদ, বদরুল হকের পুত্র তানভীর আহমদ, মৃত মছদ্দর আলীর পুত্র মতিউর রহমান, মোগলাবাজার থানার মোহাম্মদপুর গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র রিপন আহমদ ও শরিফ আহমদ এবং তাদের সহযোগী অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
থানায় দায়ের করা এজাহারে বাদী উল্লেখ করেন, প্রধান আসামি রাসেল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, বিরোধপূর্ণ জায়গা জোরপূর্বক দখল করে সেখানে একটি এগ্রো ফার্ম স্থাপন করা হয়। ওই বিরোধকে কেন্দ্র করেই আসামিরা বিভিন্ন সময় তাকে ও তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।
এজাহার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ২০২২ সকাল প্রায় ১০টার দিকে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা সংঘবদ্ধ হয়ে বাদীর বসতবাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় প্রধান আসামি রাসেল মিয়া লাঠি দিয়ে বাদীর মাথা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। অপর আসামি তানজিল আহমদ হকিস্টিক দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে তা চোখের নিচে লেগে রক্তাক্ত জখম হয়। বাদীকে রক্ষা করতে এগিয়ে আসা কয়েকজন স্থানীয় ব্যক্তিকেও রড, লাঠি ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর আহতরা দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও আসামিরা সালিশে অংশ নিতে অস্বীকৃতি জানায় বলে বাদীর দাবি।
এজাহারে আরও উল্লেখ করা হয়, প্রথম ঘটনার তিনদিন পর গত ১৪ সেপ্টেম্বর ২০২২ রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ধরমপুর গ্রামের প্রধান সড়কে পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা আসামিরা তার গতিরোধ করে। এ সময় প্রধান আসামি রাসেল মিয়া ধারালো দা দিয়ে বাদীর মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি মাথা সরিয়ে নেওয়ায় কোপটি মোটরসাইকেলে লাগে এবং তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান বলে অভিযোগ করা হয়েছে।
বাদীর অভিযোগ, এ সময় অপর আসামি তার পকেট থেকে প্রায় ২৩ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং মোবাইল ফোন নিয়ে ভাঙচুর করে। একই সঙ্গে আসামিরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে। বাদীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয় বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে আহত রায়হান আহমদ প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ চক্রবর্ত্তী জানান, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে মোগলাবাজার থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। আইনানুগ তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা