
স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকার উত্তরা এলাকায় সিলেটের ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় এক যুবক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রোববার (৯ জুলাই) রাতে ঢাকার উত্তরা এলাকায় তার আত্মীয়ের বাসায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। আহতের নাম ফয়জুর রহমান (২২), তিনি সিলেটের রাগিব রাবেয়া স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্র বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার রাতে সিলেটের রাগিব রাবেয়া স্কুল ও কলেজ ছাত্রলীগের সভাপতি আনোয়ারারের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ধারালো অস্ত্র নিয়ে রাজধানী ঢাকার উত্তরা এলাকায় ফয়জুরের এক আত্মীয়ের বাসায় গিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তারা ফয়জুরের পিঠে একাধিকবার ছুরিকাআঘাত করে। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় ফয়জুর মাটিতে লুটিয়ে পড়লে, তাকে মৃত ভেবে সন্ত্রাসীরা ফেলে রেখে চলে যায়। ঘটনার পর ফয়জুরের আত্মীয় মিজান তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। হামলাকারীদের রাজনৈতিক প্রভাব ও তাদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা গ্রহণে অনীহা নিয়েও প্রশ্ন উঠছে।
এ বিষয়ে মিজান বলেন, ফয়জুরের জীবন হুমকির মুখে। হামলার পর আমরা পুলিশের কাছ কোন ধরণের সহযোগিতা পাইনি। হামলায় জড়িত ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দূরের কথা, তারা জিডি পর্যন্ত গ্রহণ করেনি। ফলে গুরুতর আহত অবস্থায় তাকে পালিয়ে থেকে চিকিৎসা গ্রহণ করতে হচ্ছে।
ফয়জুরের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলার পেছনে স্থানীয় রাজনৈতিক গোষ্ঠীর হাত রয়েছে ও তারা এর ন্যায় বিচার কামনা করছেন।
এদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ছাত্রলীগের প্রভাব গোটা দেশের সকল এলাকায় ব্যাপকভাবে বিস্তৃত হওয়ায় অনেকেই তাদের বিরুদ্ধে অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। ঢাকায় পুলিশ প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা