
যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর এমসি কলেজ সংলগ্ন টিলাগড় এলাকায় জাতীয় শোক দিবস পালনকে কেন্দ্র করে ছাত্রলীগ, ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার অনুষ্ঠিত এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই নেতাকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট মহানগর ছাত্রলীগের আয়োজনে টিলাগড় এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে একটি আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল। মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাঈম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানটি চলাকালে ছাত্রদল ও শিবিরের কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
ছাত্রলীগের দাবি, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবীর চৌধুরী সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ এবং মহানগর শিবিরের সভাপতি মামুন আহমদের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী হামলায় অংশ নেয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে পুরো টিলাগড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে ছাত্রলীগের আহত নেতাকর্মীরা হলেন— মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি হুসেইন মুহাম্মদ সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক ফুয়াদ হাসান সাবিত এবং কার্যনির্বাহী সদস্য ফারহান সাদিক। অন্যদিকে আহত ছাত্রদল ও শিবির নেতাকর্মীদের মধ্যে রয়েছেন ছাত্রদল নেতা ইমরান আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহীয়ান চৌধুরী, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তানভীর হোসেন তুহিন এবং এমসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি সুজন আহমেদ।
সংঘর্ষের খবর পেয়ে শাহ পরাণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে ছাত্রদল নেতা এনামুল কবীর চৌধুরী সুহেল ও শিবির নেতা মামুন আহমদকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে শাহ পরাণ থানার ওসি নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের দুটি টিম মোতায়েন রাখা হয়েছে। আটক দুই নেতাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
ঘটনার পর থেকে টিলাগড় ও এমসি কলেজ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্টদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা