
মারুফ সরকার, সিলেট প্রতিনিধি :
সিলেট শহরে সন্ত্রাসীদের দৌরাত্ন্য বেড়ে চলছে। রাজনৈতিক ছত্রছায়ায় থাকা এসব সন্ত্রাসীদের দ্বারা হামলা-নির্যাতনের শিকার হচ্ছে নিরীহ ব্যবসায়ীরা। আনোয়ার হোসেন ফারুক নামে নগরের এক ব্যবসায়ী সন্ত্রাসীদের দ্বারা অব্যাহত হামলা, নির্যাতন ও প্রতিষ্ঠানে লুটপাটের শিকার হয়েছেন। এ ব্যবসায়ী নিজের জীবনের নিরাপত্তা চান।
ব্যবসায়ী আনোয়ার হোসেন ফারুক জানান, সন্ত্রাসীরা তার উপর একাধিকার হামলা করেছে। সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে। তিনি এর থেকে পরিত্রাণ পেতে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ও র্যাবের তৎপরতা কামনা করেছেন।
রবিবার (০৩ সেপ্টেম্বর) দৈনিক যুগভেরীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে উপরোক্ত অভিযোগ করেছেন সম্প্রতি সন্ত্রাসীদের দ্বারা নির্যাতনের শিকার ও দোকান লুট হওয়া ব্যবসায়ী আনোয়ার হোসেন ফারুক।
আলাপকালে আনোয়ার হোসেন ফারুক বলেন, এলাকার ছাত্রলীগ নেতা সন্ত্রাসী পীযূষ বাহিনীর প্রধান পীযূষ কুমার দে’র কতিপয় সহযোগী গেল ২ সেপ্টেম্বর ২০২৩ আমার আহমদ এন্টারপ্রাইজ ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্রসহ আক্রমণ করে। সন্ত্রাসীদের হামলার ভয়াবহতা টের পেরে, আমি আত্মরক্ষার্থে দোকান থেকে পালিয়ে যাই। তখন সন্ত্রাসীরা আমাকে না পেয়ে দোকানে লুট-পাট চালায়। প্রতিবেশী দোকানদার ঘটনাটি দেখলেও সন্ত্রাসীদের ভয়ে এগিয়ে আসতে সাহস পাননি।
তিনি (আনোয়ার হোসেন ফারুক) অভিযোগ করে জানান, এই ঘটনার পূর্বে একাধিকবার পীযূষ তার ও তার পরিবারের উপর হামলা ও হয়রানি করেছে। তিনি বলেন, আমার বোন এই সন্ত্রাসী পীযূষ দ্বারা ইভটিজিং এর শিকার হয় এবং আদালতে মামলা করলে পীযূষ গ্রেপ্তার হয় এবং জেল-হাজত খাটে। জেল থেকে বেরিয়ে ১৮ জানুয়ারি ২০২৩ পীযূষ আমার ওপর দোকানে হামলা চালায় এবং রক্তাক্ত জখম করে। তখন প্রতিবেশী দোকানদার আমাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। থানায় মামলা দিতে গেলে পুলিশ আমার মামলা গ্রহণ করেনি।
আনোয়ার হোসেন ফারুক আরো জানান, ২৫ মার্চ ২০২৩ ইংরেজি তারিখে তিনি দোকান থেকে বাড়ি ফেরার পথে পীযূষ ও তার সন্ত্রাসী সহযোগীরা তাকে অপহরণ করে হত্যার উদ্দেশ্যে নির্জন বাড়িতে নিয়ে যায়। কিন্তু পীযূষ, মেয়র সাহেবের লোক সকলের জানা এবং সিটি কর্পোরেশন নির্বাচনের আগে তাকে হত্যা করলে নির্বাচনের প্রভাব পড়তে পারে, এই শঙ্কায় তাকে হত্যার পরিকল্পনা পরিত্যাগ করে। কিন্তু তাকে মেরে মোবাইল, মানিব্যাগ নিয়ে হাত ও চোখ বাধা অবস্থায় বড়ইকান্দি, সিলেটের নির্জন জায়গায় ফেলে যায়। সকালে এলাকার মানুষ দেখতে পেয়ে তার ভাইকে সংবাদ দেয়। ভাই এসে তাকে উদ্ধার করে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। চিকিৎসা শেষে ৩০ মার্চ ২০২৩ ইংরেজি তিনি থানায় মামলা করতে যান। কিন্তু পুলিশ মামলা না নিয়ে মেয়রের সাথে যোগাযোগ করতে বলেন, কারণ সন্ত্রাসীরা মেয়র সাহেবের লোক।
তিনি অত্যন্ত ভারাক্রান্ত কন্ঠে জানান, তিনি মেয়র সাহেবের কাছে একাধিকবার গিয়েও কোন ফল পান নি। তিনি অভিযোগ করে বলেন, তার হয়রানি ও কষ্ট দেখার কেউ নাই। তিনি এ অবস্থার মুক্তি চান এবং সরকারের কাছে নিরাপত্তা দাবি করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা