
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ শহরের বাঁধনপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের নবনির্মিত ভবনের উদ্বোধনের কয়েক ঘণ্টা পর মন্দিরের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার ধরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি এবং মন্দির কার্যকরী কমিটির সদস্য বিভাস চন্দ্র দেব গুরুতর আহত হয়েছেন।
গতকাল দুপুর ১টা ৩০ মিনিটে বাঁধনপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং মন্দিরের কার্যকরী কমিটির সদস্যসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে বাড়ি ফেরার সময় হেফাজতে ইসলামের অনুসারী একদল সশস্ত্র ব্যক্তি অঞ্জন কুমার ধরের ওপর হামলা চালায়। হামলায় তিনি ও বিভাস চন্দ্র দেব গুরুতর আহত হন। আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের সময় অঞ্জন কুমার ধর ও তার পরিবারের সদস্যদের হত্যা এবং বাড়িতে অগ্নিসংযোগের হুমকি দিয়েছেন।
এ ঘটনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং মন্দিরের কার্যকরী কমিটি তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা