
বিয়ানীবাজার প্রতিনিধি :::
বিচার সালিশের অসম্মতির জের ধরে বিয়ানীবাজার উপজেলার কাদিমলিক ও দক্ষিণভাগ গ্রামের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দক্ষিণভাগ গ্রামের তাজ উদ্দিন খানের ছেলে আমিনুল খান (৩১) ও নজরুল ইসলামের ছেলে লুকো খান (৪০) নিহত হন। এছাড়া উভয় গ্রামের অন্তত নারী- পুরুষসহ ১০/১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর অনুমান ১২ ঘটিকার দিকে উক্ত দুই গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানান, হেতিমখানী গ্রামের গৌছ উদ্দিনের ছেলে নুর মিয়া রাজু ও দক্ষিণভাগ গ্রামের মোঃ লিয়াকত আলীর মেয়ে তানজিদা খানম নাঈমার সাথে প্রেম ঘটিত সম্পর্কের জন্য দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। একাধিকবার গ্রাম্য শালিস বিচারের ব্যবস্থা করলেও তাতে কোন লাভ হয়নি। এর আগে গৌছ উদ্দিনের ছেলে নুর মিয়া রাজু তার প্রেমিকার পিতার দেওয়া মামলায় তিনি জেলও খেটেছিলেন। সর্বশেষ গত ২ অক্টোবর সোমবার নাঈমার পিতা ও তার চাচাতো ভাই গ্রামের মুরব্বিদের মাধ্যমে প্রেমিক নুর মিয়া রাজুর মামাকে ও গ্রামের মুরব্বিদেরকে (তাদের প্রেমের সম্পর্কের বিষয় নিয়ে) শালিশের জন্য বলা হলে তারা (রাজু পক্ষের লোকজন) সম্মতি দেন নাই। এতে রাজুর প্রেমিকার গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র, ডাল, টেঁটা, রানদা, ইটপাটকেল নিয়ে ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে আশপাশের স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় প্রায় ১ঘন্টা পর সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। এতে ঘটনাস্থলে আমিনুল খান (৩১) ও পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর লুকো খান (৪০) নিহত হন। এছাড়া উভয় গ্রামের নারী- পুরুষসহ অন্তত ১০/১৫ জন আহত হন। এ ঘটনায় প্রেমিকা নাইমার চাচা তাজ উদ্দিন খান বাদী হয়ে প্রেমিক নুর মিয়া রাজুকে প্রধান আসামী ও তার ভাতিজী তানজিদা খানম নাঈমাকে ২নং আসামী এবং ফয়সল আহমদকে (প্রেমিকের মামা) ৩নং আসামীসহ ১০/১২ জনকে অজ্ঞাত করে বিয়ানীবাজার মডেল থানায় গতকাল মঙ্গলবার রাতে (৩ অক্টোবর) একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে বিয়ানীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করি। পরবর্তী ঘটনাস্থল থেকে জিজ্ঞেসাবাদের জন্য দুজনকে আটক করেছি। মুল আসামীদেরকে এখনো গ্রেফতার করতে পারিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা