
জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে আপন ভাইয়ের বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা করেছেন বড়ভাই। এ ঘটনায় আদালত বিবাদী হাবিবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, বাদী হারিস উদ্দীন (৩৬) ও বিবাদী হাবিবুর রহমান (২৫) সহদোর ভাই। তারা উভয়ই উপজেলার পৌর এলাকার হবিবপুর গ্রামের সাফিজুর রহমানের পুত্র। হারিস উদ্দীন অভিযোগ করেন, হাবিবুর রহমান বিভিন্ন সময় বিভিন্ন কারণে তার কাছ থেকে মোট ৫০ লক্ষ টাকা ঋণ হিসাবে নেয়। পরবর্তীতে তার যুক্তরাজ্যে গমণের পূর্বে সে তার বড়ভাই হারিস উদ্দীনের নামে তার নিজের একাউন্টের একটা চেক প্রদান করে। কথা ছিল, যুক্তরাজ্যে যাওয়ার কয়েক মাসের মধ্যে হাবিবুর সব টাকা পরিশোধ করে দিবে। কিন্তু যুক্তরাজ্য যাওয়ার এক বছর পরও টাকা দিতে টালবাহানা করতে থাকায় হারিস উদ্দীন চেক নগদায়নের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশের জগন্নাথপুর শাখায় জমা দেন। তখন হাবিবুর স্বাক্ষরিত উক্ত চেকটি সেখান থেকে ডিজঅনার হয়। তখন হারিস উদ্দীন বাদী হয়ে হাবিবুরের বিরুদ্ধে বিগত ২২ নভেম্বর, সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
উক্ত মামলার শুনানীর একপর্যায়ে বিজ্ঞ আদালত হাবিবুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বর্তমানে গ্রেফতারি পরোয়ানা জগন্নাথপুর থানায় এসেছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা