
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলায় চাঁদার দাবিতে একটি কোচিং সেন্টারে হামলার খবর পাওয়া গেছে। আজ রবিবার (২০ এপ্রিল) সকাল ১২ টার দিকে বালাগঞ্জ উপজেলার সিলেট-সুলতানপুর রোডের খাঁ পুর গ্রামস্থ আবুল মিয়ার বিল্ডিংয়ে অবস্থিত ক্রিয়েটিভ এডুকেশন কোচিং সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। এতে কোচিং সেন্টারের পরিচালক মোঃ আব্দুল মুহিত আলী মেরাজ (২৭) আহত হন। তাকে তাৎক্ষনিকভাবে এম.এ.জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালাগঞ্জ উপজেলার গহরপুরের আহমদপুর গ্রামের জমির আলীর পুত্র মোঃ আব্দুল মুহিত আলী মেরাজ দীর্ঘদিন থেকে নিজস্ব ক্রিয়েটিভ এডুকেশন কোচিং সেন্টার পরিচালনা করে আসছেন। দিন-দিন তাঁর কোচিং সেন্টারের শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। বিষয়টি স্থানীয় কতিপয় সন্ত্রাসীদের ভালো লাগে নি। তারা সম্প্রতি ঐ এলাকায় কোচিং সেন্টার পরিচালনা করতে হলে তাদেরকে প্রতিমাসে আয়ের একটা অংশ চাঁদা দেয়ার নির্দেশ দেয়। কিন্তু পরিচালক কোন প্রকারের চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। এ নিয়ে স্থানীয় সন্ত্রাসীরা তাকে বিভিন্ন সময় নানানরকম হুমকী-ধামকী দিয়ে আসছিলো।
আজ রবিবার ছিলো কোচিং সেন্টারের শেষ দিন। কারণ, কাল থেকে ঈদ। তাই শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বেতন দিতে কোচিং সেন্টারে আসেন। বেলা ১১টার সময় কতিপয় চাঁদাবাজ তাদের দলবল নিয়ে কোচিং সেন্টারে হামলা চালায়। তারা কোচিং সেন্টারের পরিচালক মোঃ আব্দুল মুহিত আলী মেরাজকে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে আহত এবং শারীরিক, মানসিকভাবে লাঞ্চিত ও অপমানিত করে। তখন ঘটনাস্থলের উপস্থিত দর্শনাথী ও অভিভাবকসহ শিক্ষার্থীরা মিলে তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বালাগঞ্জ থানার ওসি নির্মল চন্দ্র দেব বলেন, এই ধরণের কোন অভিযোগ তাঁর জানা নেই। কেউ অভিযোগ দিলে পুলিশ বিষয়টির তদন্ত করে দেখবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা