
জগন্নাথপুর প্রতিনিধি : বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক যুবকের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে জগন্নাথপুর উপজেলার বসন্তপুর গ্রামের পয়েন্টে এই হামলার ঘটনা ঘটে। আহত যুবকের নাম আমিনুর রহমান (২৬)। সে উপজেলার পাটলী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের গৌছ উদ্দিনের পুত্র ও সাবেক ছাত্রশিবির নেতা যুক্তরাজ্য প্রবাসী মো: সাহিদুর রহমানে ছোট ভাই। হামলার জন্য স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীদের দায়ী করছেন তার পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে ও শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। গত বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সাবেক ছাত্রশিবির নেতা মো: সাহিদুর রহমান ছাত্রদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন। এ নিয়ে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা একাধিকবার সাহিদুরের বাবা ও ভাইকে শাসিয়েছে। আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার বিরুদ্ধে লেখালেখি বন্ধ না করলে তাদের দেখে নেয়ারও হুমকী দিয়েছিল ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীরা।
এদিকে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনে দেশের অনেক স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে থাকলেও ব্যতিক্রম জগন্নাথপুর। কারণ এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগ শক্তিশালী থাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা গুপ্ত হামলার শঙ্কায় দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে সাবেক ছাত্রশিবির নেতা সাহিদুর রহমানের ভাই আমিনুর রহমানকে জগন্নাথপুর বসন্তপুর গ্রামের পয়েন্টে একা পেয়ে ছাত্রলীগ সন্ত্রাসীরা বেধড়ক পিটাতে থাকে। সাথে সাথে পথচারীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাথে সাথে সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখন পর্যন্ত পুলিশ সদস্যগণ কাজে যোগদান না করায় থানায় দায়িত্বরত কাউকে পাওয়া যায়নি। জগন্নাথপুর থানার ওসিসহ সকল কর্মকর্তাগণের মোবাইল বন্ধ থাকায় বিস্তারিত জানা যায়নি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা