
যুগভেরী ডেস্ক ::: সিলেটে চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে শাবুল আহমদ খান নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২৭ আগস্ট) রাতে সিলেট নগরীর একটি বাসায় হামলার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট নগরীর একটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকাকে কেন্দ্র করে একদল ব্যক্তি ওই বাসায় গিয়ে ভাঙচুর ও মারধর চালায়। হামলায় শাবুল আহমদ খান গুরুতর আহত হন। তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন তিনি মারা যান।
নিহতের পরিবার অভিযোগ করেছে, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান “মেসার্স এম.এ খান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ” থেকে চাঁদা দাবি করে আসছিল। পরিবারের দাবি, ২০২২ সাল থেকে নিয়মিতভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে অর্থ আদায় করা হতো। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষুব্ধ হয়ে ওই হামলার ঘটনা ঘটে বলে তাদের অভিযোগ।
নিহতের পরিবারের এক সদস্য গুলজার আহমদ বলেন, পরিবারটি দীর্ঘদিন ধরে চাপ ও নির্যাতনের মধ্যে ছিল। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনাটিকে গুরুতর অপরাধ ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা