
স্টাফ রিপোর্টার: সিলেট থেকে দুটি হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা রাজিব উদ্দিনকে বিএনপি-জামায়াতের লোকজন পিটিয়ে আহত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় নেতৃত্ব দেন বিএনপি নেতা আব্দুল রবের ছেলে রাসেল। ঘটনাটি ঘটে ৩ সেপ্টেম্বর ২০২৪।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজিব উদ্দিনকে সিলেট নগরীর তালতলা থেকে আটক করে রাসেলের নেতৃত্বাধীন একটি দল মারধর করে গুরুতর আহত করে এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। রাজিব উদ্দিন গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত দুটি পৃথক হত্যা মামলার আসামি। গত ৪ আগস্ট ২০২৪ গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় মাদ্রাসা শিক্ষার্থী পাবেল আহমদ কামরুল ও শিক্ষার্থী মিনহাজ হত্যা মামলার আসামী রাজিব উদ্দিন ও তার ছোট ভাই মো. নাসির উদ্দিন।
রাজিব উদ্দিনের পরিবার থেকে অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনার সরকার পতনের পরদিন ৬ আগস্ট রাসেলের নেতৃত্বে একটি দল রাজিব উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় রাজিব উদ্দিনের পরিবার চরম আতঙ্কের মধ্যে পড়ে। রাসেল ও তার পিতা বিএনপি নেতা আব্দুল হকের সাথে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধ রয়েছে। এই বিরোধের জেরেই টার্গেট করে তাদের উপর একের পর এক মামলা ও হামলার ঘটনা ঘটছে। রাজিব উদ্দিনের ছোট ভাই ছাত্রলীগ নেতা মো. নাসির উদ্দিন তিনটি মামলার আসামি। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
এ বিষয়ে স্থানীয় একাধিক রাজনৈতিক বিশ্লেষকের মতে, সিলেট অঞ্চলে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর পুরনো শত্রুতার জেরে প্রতিহিংসামূলক হামলা, মামলা ও সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। মানবাধিকারকর্মীরা বলছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য ভয়াবহ হুমকি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা