
কুলাউড়া প্রতিনিধি
মামলা, হামলা, গ্রেপ্তার ও নিখোঁজ- সব মিলিয়ে অনিশ্চয়তার অন্ধকারে দিন কাটাচ্ছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের নেতা আসিফ উজ্জামান ও তার পরিবার। জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে দায়ের করা একটি মামলার পর পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় পড়ে আত্মগোপনে যেতে বাধ্য হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে মুঠোফোনে সাংবাদিকদের এ অভিযোগ করেন আসিফ উজ্জামান নিজেই। আসিফ জানান, তিনি কুলাউড়া সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলের হাত ধরে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার বড় ভাই সাকিব আহমেদও ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। তাদের বাবা মো. আব্দুস সামাদ কুলাউড়ার একজন পরিচিত ব্যবসায়ী এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
তিনি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তার পরিবারের কেউ কোনো সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তবুও স্থানীয় একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই সময় রাজনৈতিক প্রতিপক্ষ ও স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে পরিবারের ব্যবসা প্রতিষ্ঠান সাকিব মটরস ও আরশদ ক্লথ স্টোরে হামলা, ভাঙচুর এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের নেতৃত্বে দখলের চেষ্টা চালায়। এ ছাড়াও আমাদের বাড়িঘর ভাঙচুর করে।
তিনি বলেন, আমাদের পরিবার কোনো সহিংসতায় জড়িত ছিলো না। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আন্দোলনের সুযোগ নিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস ও দখলের চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, গত ৩ সেপ্টেম্বর জকিগঞ্জে এক আত্মীয়ের বাসায় অবস্থানরত আমার বাবাকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে। এরপর থেকে আমরা চরম আতঙ্কে রয়েছি। আমি বর্তমানে আত্মগোপনে আছি, আর আমার বড় ভাইয়ের অবস্থান সম্পর্কেও আমরা নিশ্চিত নই।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা