
জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জ উপজেলায় লিবার ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এক নেতার বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার সিরাজপাড়া গ্রামে এলডিপির জকিগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ শামীম আহমদের বাড়িতে এ হামলা চালানো হয়। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন শামীম ও তার পরিবার।
স্থানীয়সূত্রে জানা যায়, সিরাজপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে ও এলডিপির জকিগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ শামীম আহমদের সাথে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে রাজনৈতিক মতবিরোধ চলে আসছিলো। গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পলায়নের পর গা ঢাকা দেয় তার দোসররা। কিন্তু এক মাস যেতে না যেতেই জকিগঞ্জে ফের সক্রিয় হতে শুরু করেছে আওয়ামী সন্ত্রাসীরা। সোমবার বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০-১২ জন ক্যাডার রামদা, হকিস্টিক সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে 'জয় বাংলা' স্লোগান দিয়ে শামীমের বাড়িতে অতর্কিত আক্রমণ চালায়। এ সময় শামীমের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শামীমকে না পেয়ে তার বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানির চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে আতঙ্কিত হয়ে নারীরা আর্তচিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসলে তাদেরও মারধর করে মোটরসাইকেলে চেপে পালিয়ে যায় আওয়ামী সন্ত্রাসীরা।
এদিকে, ঘটনার পর থেকে প্রাণ ভয়ে আত্মগোপনে রয়েছেন এলডিপি নেতা মোহাম্মদ শামীম আহমদ। প্রতিবেদকের সঙ্গে কথা হয় শামীমের চাচাতো ভাই হাসান আহমদের সাথে।
তিনি জানান, হামলাকারী আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলাকায় ভারতীয় চিনি চোরাচালান ও ইয়াবা ব্যবসা সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তাদের অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ। আমার ভাই শামীম সবসময় এসবের বিরোধিতা করে এসেছে। এ কারণেই ক্ষিপ্ত হয়ে আমার ভাই শামীমকে হত্যার উদ্দেশ্যেই আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এর আগেও একাধিকবার আমার ভাইয়ের প্রাণনাশের চেষ্টা করেছে সন্ত্রাসীরা। ঘটনার পর থেকে আমরা প্রাণ শঙ্কায় রয়েছি। সন্ত্রাসীরা যে কোনো সময় আমার ভাই শামীম ও আমাদের পরিবারের বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশের সাথে আওয়ামী সন্ত্রাসীদের সখ্যতা রয়েছে। থানায় অভিযোগ দায়েরের পরেও কাউকে গ্রেপ্তার করা হয়নি৷
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা