
স্টাফ রিপোর্টার:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাঘা গ্রামে গুলি ও কুপিয়ে শাহজাহানুর রহমান নামের এক যুবককে হত্যার অভিযোগে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। নিহত শাহজাহানুর রহমান স্থানীয় বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও তার পরিবারের সদস্যগণ আওয়ামীলীগ সমর্থক পরিবারের সদস্য বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলাটি দায়ের করেছেন নিহতের আত্মীয় গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাঘা (আনছার মহল্লা) এলাকার নেছার আলীর ছেলে মোঃ নুরুল ইসলাম (৫৪)। তিনি গত ৭ অক্টোবর রাতে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা নং- ১৫, তারিখ- ০৭/১০/২০২৪ ইং দায়ের করেন। পরে পুলিশ মামলা এফআইআর হিসেবে রুজু করে। মামলায় দণ্ডবিধির ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/১১৪/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ৫ অক্টোবর দুপুর প্রায় ২টার দিকে গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাঘা গ্রামের প্রবীণ আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমানের বাড়িতে হামলা চালায় একদল সশস্ত্র ব্যক্তি। এ সময় তারা ঘরে ভাংচুর ও পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীদের একজন বন্দুক দিয়ে মুহিবুর রহমানের ছেলে শাহজাহানুর রহমানকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুরুতর আহত হন। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহত অবস্থায় শাহজাহানুর রহমানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ দাফন করা হয়।
মামলায় আসামী করা হয়েছে উত্তর বাঘা গ্রামের মৃত ছোয়াব আলীর ছেলে আমিনুর রহমান (৫৫), উত্তর বাঘা গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে রায়হানুর রশীদ (৪৪), তুরুকবাগ গ্রামের মক্তদির আলীর ছেলে শফিকুর রহমান (২৬), উত্তর বাঘা গ্রামের আব্দুল হান্নানের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (২২), পরগণা গ্রামের আপ্তাব উদ্দিন চৌধুরীর ছেলে ইকবাল আহমদ চৌধুরী (৩০), ফুলবাড়ী গ্রামের ইলিয়াছ আলীর ছেলে মোফাজ্জল হায়দার (২৪), গোলাপনগর গ্রামের রফিকুল ইসলাম চৌধুরীর ছেলে মাহবুবুল হক চৌধুরী (৩২), উত্তর বাঘা গ্রামের আমিনুল ইসলামের ছেলে মোঃ লিমন হক (২৫), তুরুকবাগ গ্রামের আং রহমানের ছেলে আং মজিদ (২৪) এবং গোলাপনগর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আং রউফ (২৮)সহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বাদীর অভিযোগের প্রেক্ষিতে হত্যা মামলা রুজু করা হয়েছে এবং তদন্তভার এসআই মোঃ জসীম উদ্দিনকে দেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা