
নিজস্ব প্রতিবেদক, ছাতক : পারিবারিক জমি-জমা সংক্রান্তে বিরোধের জের ধরে সুনামগঞ্জের ছাতকে কানাডা প্রবাসী যুবকের বাড়ীতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১৩ মে) বিকেলে ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামে কানাডা প্রবাসী রাসেল আহমদের পৈতৃক বাড়িতে সন্ত্রাসী হামলা ও ব্যাপক ভাঙচুরের এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কানাডা প্রবাসী রাসেল আহমদের চাচা সুরুজ আলী ও তার সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। সামাজিকভাবে প্রভাবশালী সুরুজ আলীর হুমকি-ধামকির মুখে নিরাপত্তাহীনতার কারণে রাসেল আহমদ প্রথমে নেত্রকোনায় তার আত্মীয়ের বাড়ীতে আশ্রয় নেন। সেখানে অবস্থানকালে তার ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটে। প্রাণ নাশের হুমকীর কারণে কঠিন পরিস্থিতিতে এক পর্যায়ে তিনি দেশ ছেড়ে কানাডায় চলে যেতে বাধ্য হন।
দেশের বাইরে গেলেও সুরুজ আলী গংদের হয়রানী থেমে থাকেনি। তারা রাসেলের পরিবারের সদস্যদের সব সময় হুমকী-ধামকী দিয়ে আসছিলো। সর্বশেষ গতকাল মঙ্গলবার (১৩ মে) বিকেলে জিয়াপুর গ্রামে স্থানীয় বিএনপির একটি সভা সুরুজ আলীর সভাপতিতে অনুষ্ঠিত হয়। সভা শেষে ফেরার পথে তিনি তার অনুসারীদের নিয়ে রাসেল আহমদের বাড়িতে হামলা চালান। এসময় বাড়ীর আসবাবপত্র ব্যাপক ভাংচুর করা হয়। প্রাণের ভয়ে তার মা পাশের বাড়ীতে গিয়ে আশ্রয় নেন। হামলাকারীরা এ সময় চিৎকার করে বলে, “রাসেলকে পেলে আজকে জানে মেরে ফেলতাম।” এই ঘটনায় এলাকার জনমনে ক্ষোভ বিরাজ করছে। সুরুজ আলী প্রভাবশালী হওয়ায় কেউ মুখে খুলতে সাহস পাচ্ছেনা। এ ব্যাপারে রাসেল আহমদের মা রাজন মালা বলেন, আমার স্বামীর মৃত্যুর পর থেকেই সুরুজ আলী আমাদের জমি দখলের জন্য নানাভাবে চাপ প্রয়োগ করে আসছেন। আমার বড় ছেলে রাসেলকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমাদের পুরো পরিবারকে হয়রানি করা হচ্ছে। আজকের আমার বাড়ীতে হামলার ঘটনায় ছাতক থানায় মামলা করতে গেলে পুলিশ আমাদের অভিযোগ গ্রহণ করেনি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ, নিরপেক্ষ তদন্ত ও হামলায় জড়িতদের বিচার দাবি করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা