
নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ:
গোলাপগঞ্জের সর্বত্র এখন চাঁদাবাজির মহোৎসব চলছে। উপজেলার সর্বত্র এখন প্রকাশ্যে চাঁদাবাজি নিত্য-নৈমিত্তিক ঘটনা হিসাবে দেখা দিয়েছে।সেই সঙ্গে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দ্বারা নিরীহ ব্যবসায়ীদের ওপর হামলাসহ দোকানপাট দখলের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাসহ ব্যবসায়ীদের মাঝে চরম উদ্বেগ আর উৎকন্ঠা বিরাজ করছে।
সরেজমিন বিভিন্ন বাজার এলাকা পরিদর্শনে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট-পরিবর্তনে পর বিএনপিতে ঘাপটি মেরে থাকা সুযোগ সন্ধানীদের সাথে দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে যুক্ত সুবিধাবাদী ব্যক্তিরা তাদের রাজনৈতিক পরিচয় রাতারাতি পরিবর্তন করে বিএনপি, জামায়াত বা এনসিপি’র সঙ্গে সর্ম্পক গড়ে তোলেন। নতুন রাজনৈতিক মেরুকরণ ও প্রশাসনিক যোগসাজস করে তারা বেআইনী ফায়দা হাসিলে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, গত ১৮ নভেম্বর ২০২৫ আমনিয়া বাজারে চেয়ারম্যান হাসিন আহমদ মিন্টু তাঁর প্রভাব ও সরকারি ক্ষমতা ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে জোরর্পূবক চাঁদা আদায় করেন। আরও অভিযোগ রয়েছে, রাজনৈতিক পট-পরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা লাহিন আহমদ দীর্ঘদিন আত্মগোপনে থেকে তাঁর “শাহীন ফার্মেসী” ব্যবসায় ফিরে আসেন। এই খবর সরকার দলীয় ক্যাডার হাসিন আহমদ মিন্টু ও তাঁর সহযোগীরা জানতে পেরে তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে হামলা চালিয়ে দোকানটির নিয়ন্ত্রণ নেয় বলেও অভিযোগ পাওয়া গেছে। একই গ্রুপের সন্ত্রাসীরা ঢাকাদক্ষিণ বাজারের শারীরিক প্রতিবন্ধী ব্যবসায়ী মঈন উদ্দিন এবং অপর ব্যবসায়ী সালেহ আহমদকেও জোরর্পূবক তাদের দোকান থেকে বরে করে দিয়ে দোকান দুটি তাদের দখলে নিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান,এসব সন্ত্রাসীরা এলাকায় একই ধরণের আরও একাধিক ঘটনা সৃষ্টি করে জনমনে আতংক তৈরি করে।
এসব অনৈতিক ঘটনার পর বাজার কমিটির সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও কোনো আইনী সহায়তা পাচ্ছেন না। পুলিশের এরকম নিষ্ক্রিয়তায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
একটি সূত্র জানায়,গোলাপগঞ্জ পৌরসভা, রানাপিং, ভাদেশ্বর, পুরকায়স্থ বাজার, চৌধুরী বাজার, রণকেলী, কুড়ির বাজার ও ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ীদের নিকট থেকে প্রতিনিয়ত জোরর্পূবক চাঁদা আদায় করা হচ্ছে। এমনকি বাড়ি নির্মাণের ক্ষেত্রেও প্রতিনিয়ত চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদার টাকা দিতে কেহ অস্বীকৃতি জানালে নেমে আসে নির্যাতন-নিপীড়ন। এমনকি অনেকের মূল্যবান সহায়-সম্পত্তি থেকেও বিতাড়িত হতে হচ্ছে।
ব্যবসায়ীদের অভিযোগ, চেয়ারম্যান হাসিন আহমদ মিন্টু তাঁর রাজনৈতিক প্রভাব ও সরকারি দলের সাথে সম্পৃক্ত হয়ে পেশীশক্তি ও ক্ষমতার ব্যবহার করে সাধারণ মানুষের নিকট থেকে নিয়মিত চাঁদাবাজি করে যাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান,“আমরা চাঁদাবাজ-সন্ত্রাসীদের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। প্রকাশ্য দিবালোকে দোকানপাট থেকে চাঁদা আদায় ও দখল করা হলেও প্রশাসনের পক্ষ থেকে এটি দমনে আইনী কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।” স্থানীয় সূত্রে আরও বলা হয়েছে, সরকার দলীয় ক্যাডারদের মধ্যে কামরান হোসেন, আমিন মিয়া, লুৎফুর রহমান, রফিক উদ্দিন, জিয়াউল ইসলাম, আবু তালেব্, নজরুল ইসলামসহ আরও কতিপয় সন্ত্রাসীর বিরুদ্ধে এসব অপরাধ-অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা সরকার দলীয় সন্ত্রাসীদের এসব কর্মকান্ডের নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা এবং উপজেলার সবক’টি হাটবাজারে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা