
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় এক যুবককে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০:৪৫ মিনিটে ব্লক-এ, এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শেখ মোঃ আতিকুর রহমান মাহিন (২৫) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার অপাসাধু গ্রামের শেখ মোঃ লুৎফর রহমানের ছেলে। তিনি কিছুদিন যাবত সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় বসবাস করছেন।
ভিকটিমের ভাষ্যমতে, ঘটনার রাতে তিনি তার বন্ধু আবিরকে নিয়ে একটি কাজ শেষে বাসায় ফিরছিলেন। বাসার নিকটস্থ আয়শা এন্ড আয়রা স্টোরের পাশে পৌঁছামাত্র কয়েকটি মোটরসাইকেলে করে আসা একদল ব্যক্তি তাকে পেছন থেকে জাপটে ধরে। এসময় হামলাকারীদের মধ্যে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের মধুশহীদ শাখার এক ক্যাডার আগ্নেয়াস্ত্র থাকার কথা বলে ভয়ভীতি প্রদর্শন করে।
মাহিন জানান, অস্ত্রের ভয়ে তার বন্ধু আবির প্রথমে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকলেও পরে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর হামলাকারীরা তাকে টেনে-হিঁচড়ে পাশের একটি নির্জন প্রাইমারি স্কুলের ক্যাম্পাসে নিয়ে যায়। সেখানে তার হাত-পা ও মুখ বেঁধে নির্মমভাবে মারধর করা হয়।
তিনি আরও জানান, হামলাকারীরা তাকে লাথি, ঘুষি, লাঠি, পাইপ ও পিতলের নাকল দিয়ে আঘাত করে। একপর্যায়ে হামলাকারীদের একজন ফোনে কথা বলে বলে, “তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়, না হলে এখানেই মাগির ছেলেকে জবাই করে ফেলবো।” এতে তিনি নিজের প্রাণনাশের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন।
পরে বন্ধু আবির বিষয়টি ইমরান নামের আরেক বন্ধুকে জানায় এবং তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ আহত, রক্তাক্ত ও বাঁধা অবস্থায় মাহিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভিকটিমকে রাত আনুমানিক ১১:৩০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি শারীরিকভাবে গুরুতর ট্রমার শিকার হয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা