• ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ছাতকে যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৫
ছাতকে যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পরদিন শনিবার (২০ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ছাতক উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল হালিম শিপন (৩৮)। উপজেলা ছাত্রলীগের সদস্য ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৮)। এছাড়া বরিশাল জেলার উজিরপুর উপজেলার জুগিরকান্দা গ্রামের লিয়াকত আলী মোল্লার ছেলে এমদাদুল হক তুহিন (৩৮)কেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নদীপথে চাঁদাবাজি, হামলা, মামলা বাণিজ্যসহ বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে তাদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছিল।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের আদালতে পাঠানো হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।’ তিনি আরও বলেন, ‘অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

সংবাদটি শেয়ার করুন