
স্টাফ রিপোর্টার :::
ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে নিয়ে আয়োজিত একটি পূর্বনির্ধারিত অনুষ্ঠান সোমবার পূর্ব লন্ডনের এলম পার্কে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করে। অনুষ্ঠানস্থলের বাইরে বিক্ষোভের জেরে পুলিশ অন্তত তিনজনকে আটক করেছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদন শাহ শামিমের নেতৃত্বে এ হামলা পরিচালনা করা হয়। এ সময় কাদিপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমাদ উজ জামানসহ হাসনাত আব্দুল্লার সহযোগী ইহতেসাম রহমানসহ আরও বেশকিছু নেতাকর্মী গুরুতর আহত হন।
এনসিপি ইউকে অ্যালায়েন্সের আয়োজিত এই অনুষ্ঠানটি পূর্ব লন্ডন মসজিদ সংলগ্ন এলম পার্কে মায়েদা গ্রিল রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মী ও সমর্থকরা প্রতিবাদ জানান। বর্তমানে যাদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। দুপুর থেকে রেস্তোরাঁটির বাইরে উভয় পক্ষের সমর্থকদের ভিড় বাড়তে থাকে। এক পর্যায়ে এনসিপি কর্মী ও সমর্থকদের লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে জানা গেছে। শৃঙ্খলা বজায় রাখতে এবং পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, তা নিশ্চিত করতে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়।
এলম পার্কের মায়েদা গ্রিলের বাইরে বিক্ষোভ ও বিশৃঙ্খলার সময় পুলিশকে অন্তত তিনজনকে আটক করতে দেখা গেছে। আটককৃতদের মধ্যে ছিলেন লন্ডন সিটি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক। প্রত্যক্ষদর্শীরা দেখেছেন, পুলিশ তাকে হাতকড়া পরিয়ে একটি পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। তবে, এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পুলিশ আটকের কারণ বা জড়িতদের বিরুদ্ধে পরবর্তী কোনো পদক্ষেপের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা