
কোর্ট রিপোর্টার : বালাগঞ্জে পিতার উত্তরাধিকারী হিসাবে মৌরসী সূত্রে প্রাপ্ত ০.৮৯ একর বা ঊননব্বই শতক ভূমি বিক্রি করায় বিপাকে পড়েছেন চরনাতা তিলকচানপুর গ্রামের আহমদ আলী (৫৫) ও তার পুত্র লন্ডন প্রবাসী ইকবাল হোসেন মাহিম (২৪)। প্রতারণার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন আহমদ আলীর চাচাত ভাই জনৈক আব্দুল খালিক (৫৯) গত ১৮/০৮/২০২৬ ইংরেজী সিলেটের মাননীয়, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-০৩ এ এই মামলাটি দায়ের করা হয়। মামলায় একই গ্রামের জনৈক আব্দুল আলিম ও লোফন নামের আরও দু’জনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫জনকে আসামী করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটকে নির্দেশ প্রদান করেছেন।
মামলার অভিযুক্ত আসামী আহমদ আলী এ প্রতিবেদককে জানান, এস.এ রেকর্ডমূলে বিক্রিত ভূমিটি তার পিতা মৃত আব্দুল মনাফ মালিক, স্বত্ত্ববান ও খাস দখলকার ছিলেন। তিনির মৃত্যুর পর বি.এস. রেকর্ড শুরু হলে একমাত্র উত্তরাধিকারী হিসাবে তিনিই এই ভূমিসহ অপরাপর ভূমিতে মালিক হিসাবে রেকর্ডভূক্ত ও দখলাধিকারে থেকে ভোগ-ব্যবহার ও শাসন-সংরক্ষণ করে আসছেন। তার আর্থিক প্রয়োজন থাকায় সম্প্রতি জনৈক ফারুক মিয়ার নিকট সকলের জ্ঞাতসারে বিক্রি করি। কিন্তু দীর্ঘদিন পর মামলার বাদী তার প্রতিহিংসা চরিতার্থ করতে এবং আমার ছেলে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকায় প্রতিহিংসার বশবর্তী হয়ে হয়রানির উদ্দেশ্যে এই মামলাটি দায়ের করেছেন। মামলায় যেসব অভিযোগ করা হয়েছে, আদৌ ঘটনাস্থলে এরকম কোনো ঘটনা ঘটেনি। তথাপি মামলার বাদী মিথ্যা কল্পকাহিনী সৃষ্টি করে অন্যায় ফায়দা হাসিলের উদ্দেশ্যে এই সাজানো মামলাটি দায়ের করেছেন বলে ভূক্তভোগী আহমদ আলী জানিয়েছেন। তিনি জানান, তার কাগজপত্র সঠিক আছে। মামলাটি আদালতে মোকাবেলা করে যাবেন বলেও তিনি এ প্রতিবেদককে জানান।
এ ব্যাপারে মামলার বাদী আব্দুল খালিককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তার চাচা মৃত আব্দুল মনাফ বিগত ১৯৮৮ ইংরেজী সনে একখন্ড কবালামূলে মোয়াজি- ০.৮৯ একর ভূমি হস্তান্তর করেন। সেই থেকে তিনি উক্ত ভূমিতে মালিক, স্বত্ত্ববান ও খাস দখলকার থেকে তথায় ফসলাদি ফলায়া ভোগ ব্যবহার করে যাচ্ছেন। পরবর্তীতে তিনি প্রবাসে চলে যাওয়ায় এবং বি.এস. রেকর্ডের সময় তিনি দেশে না থাকায় চতুর বিবাদীগণ তার খরিদকৃত ভূমি আত্মসাতের উদ্দেশ্যে রেকর্ডে ভুলবশতঃ আহমদ আলীর নামে রেকর্ড করিয়ে নিয়ে অবৈধভাবে ফায়দা হাসিলের উদ্দেশ্যে অন্যত্র বিক্রি করে দেয়। তার উপযুক্ত প্রমাণাদি আছে বলে তিনি এ প্রতিবেদককে জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা