
নিজস্ব প্রতিবেদক :::
স্থানীয় হেফাজতে ইসলামের শফিক, তার সহযোগী আলিম ও জামিল এবং জামায়াত-শিবিরের কয়েকজন কর্মীর বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা তানভীর আনজুমের বাড়িতে পূণরায় হামলা, ভাঙচুর, মারধর, ইট-পাটকেল নিক্ষেপ ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, গতকাল রবিবর (২০ সেপ্টেম্বর) তানভীর আনজুমকে বাড়িতে না পেয়ে তার পিতা মোঃ মাহতাব উদ্দিনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। অভিযোগে আরও জানা যায়, হেফাজতে ইসলামের শফিক চাকু দিয়ে তানভীর আনজুমের পিতার মোঃ মাহতাব উদ্দিন (৫৭)-এর বাম পায়ের হাঁটুর নিচে আঘাত, একই সময়ে আলিম লাঠি দিয়ে মাথার বাম পাশে আঘাত করে রক্তাক্ত জখম করেন। এছাড়াও তানভীর আনজুমের মা মোছাঃ শিরিনা আক্তার (৪৮)-এর চুল ধরে টানাটানি করে শ্লীলতাহানি করা হয়। এসময় তাকে কিল-ঘুষি মারার অভিযোগ উঠেছে জামিলের বিরুদ্ধে। এ ঘটনায় তানভীর আনজুমের ১১ বছর বয়সী ছোট বোন নোশিন আনজুম সন্ত্রাসীদের হামলা দেখে আতঙ্কিত হয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পড়ে গিয়ে থুতনিতে রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে তার থুতনিতে সেলাই দিতে হয়। হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল তছনছ করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে বলেও অভিযোগ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, তানভীর আনজুম ২০২১ সালের এপ্রিল মাস থেকে কানাডায় আশ্রয়প্রার্থী হিসেবে বসবাস করছেন। মূলত হেফাজতে ইসলামের শফিক, তার সহযোগী আলিম ও জামিল, জামায়াত-শিবিরের কর্মী এবং পুলিশের ভয়ে তিনি দেশত্যাগ করতে বাধ্য হন। দেশে থাকাকালে উল্লেখিত ব্যক্তিরা তাকে মারধর, হয়রানি ও হত্যার হুমকি দিতো বলে অভিযোগ রয়েছে। একই সাথে তার পিতা মোঃ মাহতাব উদ্দিনের কাছে চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হতো।
বর্তমানে তানভীর আনজুমকে বাড়িতে না পেয়ে তার বাবা মোঃ মাহতাব উদ্দিনকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগি পরিবার। এমনকি তানভীর আনজুম দেশে ফিরে এলে সে এবং তার পরিবার বাংলাদেশের যে প্রান্তেই অবস্থান করুন না কেন, সেখান থেকে তাকে ধরে এনে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এছাড়াও পরিবারের ১১ বছর বয়সী যমজ মেয়ে নোশিন আনজুম ও নুসরাত আনজুমকে অপহরণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
পরিবারের অভিযোগ, তানভীর আনজুমকে গ্রেফতারের উদ্দেশ্যে জকিগঞ্জ থানার পুলিশ বার বার তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হয়রানি করেছে। এসব ঘটনার পর নিরাপত্তাহীনতায় পড়ে মোঃ মাহতাব উদ্দিন তার স্ত্রী মোছাঃ শিরিনা আক্তার (৪৮) এবং ১১ বছর বয়সী যমজ মেয়ে নোশিন আনজুম ও নুসরাত আনজুমকে নিয়ে গোলাপগঞ্জ থানার অন্তর্গত এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, সন্ত্রাসীরা তাদের অবস্থান শনাক্ত করে সেখানেও গিয়ে মোঃ মাহতাব উদ্দিনকে হয়রানি করে। হামলায় আহত মোঃ মাহতাব উদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। এ বিষয়ে হাসপাতালের ছাড়পত্র ও মেডিকেল সার্টিফিকেট রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর স্থানীয় থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তাদের মামলা গ্রহণ করেনি। বরং হেফাজতে ইসলামের শফিক ও জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে আপস করে তাদের কথামতো চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। পরিবারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, হামলাকারীদের সঙ্গে কোনো ধরনের আপস বা সমঝোতা করার সম্ভাবনা নেই। তারা নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য যে, ইতোপূর্বে গত ২৫/১০/২০২৫ তারিখে উল্লেখিত ইসলামী মৌলবাদী শফিক ও তার সহযোগীরা তানভীর আনজুমের পিতার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা তানভীর আনজুমের পিতা মোঃ মাহতাব উদ্দিনকে শারীরিকভাবে মারধর করে এবং বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায় বলে জানা যায়। উক্ত হামলার ঘটনাটি সে সময় স্থানীয় পত্রপত্রিকায় সংবাদ আকারে প্রকাশিত হয়েছিল।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা