
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের প্রবাসী সাবেক ছাত্রলীগ নেত্রীর বাড়ীতে স্থানীয় বিএনপি নেতাকর্মী কর্তৃক হামলার অভিযোগ উঠছে। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর গ্রামের মো: ফিরোজ মিয়ার মেয়ে ও ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোছা: স্বপ্না বেগমের বাড়ীতে এই হামলার ঘটনা ঘটে। এসময় তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত এবং বাড়ীর আসবাবপত্র ভাংচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফেঞ্চুগঞ্জ সংলগ্ন কটালপুর গ্রামের মো: ফিরোজ মিয়ার মেয়ে মোছা: স্বপ্না বেগম বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। দেশে থাকতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। প্রবাসে গিয়েও তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। নিয়মিত কর্মসুচীতে যোগদানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকারের নানা সমালোচনা করছেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার উপর ক্ষুব্ধ হয়ে বাড়ীতে গিয়ে একাধিক বার হুমকী ধামকী দিয়ে এসেছে। এরপরও তিনি সরকারবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই কারণে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আহমদ জিলুর নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রবাসী স্বপ্না বেগমের বাড়ীতে গিয়ে প্রথমে তার নাম ধরে ডেকে হুমকী ধামকী দেন। এক পর্যায়ে তারা বাড়ীতে ঢুকে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময় বাড়ীতে থাকা তার বৃদ্ধ বাবা ফিরোজ মিয়া বাঁধা দিতে আসলে তাকে পিটিয়ে আহত করা হয়। এসময় বাড়ীতে স্বজনরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। তাদের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ফিরোজ মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ জনগণের মাঝে ক্ষোভ বিরাজ করলেও ভয়ে কেউ প্রতিবাদের সাহস করতে পারছেনা।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ওসি লুৎফুর রহমান জানান, এই ধরণের কোন ঘটনা তার জানা নেই। কেউ অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা