
নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ থেকে ::::
রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে ইসলামী ছাত্র শিবির বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমাদ খানকে না পেয়ে তার বয়োঃবৃদ্ধ পিতা মোঃ তোয়াহিদ খান (৬৫)কে মাথা ও হাতে কূপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পিতাকে রক্ষার নিমিত্তে শিবির নেতার বড় ভাই মোঃ মিহাদ খান (৩২) এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। তাদের আর্ত-চিৎকারে মোঃ তোয়াহিদ খানের স্ত্রী পারভীন খানম এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও বেদম মারপিট করে গুরুতর জখম করে। তাদের আর্ত-চিৎকারে প্রতিবেশিরা এসে মুমূর্ষ অবস্থায় তাদেরকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছেন। তবে তারা সকলেই শংকামুক্ত আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনাটি সংঘটিত হয় গতকাল রবিবার (১৮ অক্টোবর) বিকাল অনুমান ৩ ঘটিকায়। শিবির নেতা মোঃ ইমাদ খান বিশ্বনাথ উপজেলাধীন মোসলা গ্রামের মোঃ তোয়াহিদ খান ও পারভীন খানমের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন, সাবেক ছাত্রলীগ নেতা বর্তমানে জুলাই যোদ্ধা রাহিদ আহমদ ৫ আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকার পতনের সাথে সাথে সুযোগ বুঝে বিএনপি’র রাজনীতিতে যুক্ত হন। তার সাথে বিশ্বনাথ উপজেলার ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা নুরুল আলাই ও শেখ জাফর মিলে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে। সন্ত্রাসীরা এলাকায় আধিপত্য বিস্তার করতে জোরপূর্বক চাঁদা আদায়, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান দখলসহ সাধারণ মানুষের নিকট থেকে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি করে যাচ্ছে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠে এবং নির্যাতন চালায়। তাদের অত্যাচারে সাধারণ ব্যবসায়ীরা সব সময় তটস্থ থাকতে হচ্ছে।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাবেক ছাত্রলীগ ক্যাডার জাকির হোসেন মামুন বিএনপি’র রাজনীতিতে যোগ দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে নানাভাবে ষড়যন্ত্রের পাশাপাশি বিএনপি’র দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের যোগসাজসে একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
উল্লেখ্য সন্ত্রাসীরা সাবেক নিখোঁজ সাংসদ এম. ইলিয়াছ আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার অনুসারীদের নিয়ে এসব সন্ত্রাসী কার্যক্রম চালালেও প্রশাসনিক নিষ্ক্রিয়তায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এর আগেও একাধিকবার এসব সন্ত্রাসী ইসলামী ছাত্র শিবির-এর সাবেক নেতা মোঃ ইমাদ খানকে খুঁজতে তাদের বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে নানাভাবে ভয়ভীতি দেখায় বলে জানা গেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা