
নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট থেকে : গোয়াইনঘাটের আঙ্গারজুরে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় পাওনাদার পক্ষের লোকজন লন্ডন প্রবাসী জনৈক মোঃ নুরুল আমিনের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটসহ ঘরের টিন খুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি সংঘটিত হয় গতকাল (সোমবার) ২৬ অক্টোবর বিকেল অনুমান ৩ ঘটিকায়।
জানা গেছে, প্রায় ৩ বৎসর পূর্বে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন সালুটিকর আঙ্গারজুর নিবাসী মোঃ আজবর আলীর পুত্র মোঃ নুরুল আমিন একই এলাকার আব্দুল মজিদ-এর নিকট থেকে একটি চুক্তিপত্রের মাধ্যমে ১৫ লক্ষ ঋণ নিয়ে লন্ডন গমন করেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ চুক্তি অনুযায়ী মোঃ নুরুল আমিন কোনো টাকা পরিশোধ করতে পারেননি। পাওনাদারপক্ষ দীর্ঘদিন যাবৎ তাদের পাওনা টাকা আদায়ের লক্ষ্যে মোঃ নুরুল আমিনের বাড়িতে গিয়ে বার বার তাগিদ দিলেও বাড়িতে থাকা তার ছোট ভাই জহিরুল আমিন বার বার সময় নিয়েও টাকা ফেরত দিতে ব্যর্থ হন। এক পর্যায়ে মোঃ নুরুল আমিনের ভাই জহিরুল আমিন টাকার বিষয়ে দায়িত্ব এড়িয়ে যেতে চাইলে ব্যবসায়ী আব্দুল মজিদ ক্ষিপ্ত হয়ে উঠেন। এরই ধারাবাহিকতায় গতকাল আব্দুল মজিদ সদলবলে সন্ত্রাসীদের নিয়ে লন্ডন প্রবাসী মোঃ নুরুল আমিনের বাড়িতে এসে ব্যাপক হামলা, ভাঙচুর চালাতে শুরু করে। সন্ত্রাসীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর এর সাথে ঘরের টিনগুলিও খুলে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের-এর খবর পাওয়া যায়নি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা