বিজয় দিবসে শহীদ মিনারে ছাত্রলীগ-ছাত্রদল-শিবিরের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৫

Daily Jugabheri
প্রকাশিত December 16, 2019
বিজয় দিবসে শহীদ মিনারে ছাত্রলীগ-ছাত্রদল-শিবিরের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৫

যুগভেরী ডেস্ক ::: মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে সিলেট চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে ছাত্রলীগ ও ছাত্রদল-শিবির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্র জানা গেছে, বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

সংঘর্ষে মদন মোহন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রনি তালুকদার, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন এবং প্রচার সম্পাদক অমর শেখ জনি আহত হন। অন্যদিকে কলেজ ছাত্রদলের অর্থ সম্পাদক রাহীয়ান চৌধুরী এবং সিলেট মহানগর শিবিরের সভাপতি মামুন মিয়া আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে এদের মধ্যে ছাত্রলীগ নেতা অমর শেখ জনির অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ ও সাধারণ সম্পাদক সেফুল মিয়া এবং সিলেট মহানগর শিবিরের সভাপতি মামুন মিয়ার নেতৃত্বে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ এবং সহ-সভাপতি তারেক আহমদকে আটক করে থানায় নিয়ে যায়।

লামাবাজার পুলিশ ফাড়ীর ইনচার্জ নুরুল আমিন জানিয়েছেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ঘটনাস্থল থেকে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। তিনি আরো জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ ও সাধারণ সম্পাদক সেফুল মিয়া মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক সিরাজ মিয়ার অনুসারী হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন