ডিগ্রি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা জনতার প্রতিরোধে ব্যর্থ দুর্বৃত্তরা

Daily Jugabheri
প্রকাশিত October 11, 2017
ডিগ্রি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা জনতার প্রতিরোধে ব্যর্থ দুর্বৃত্তরা

বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নে এক কলেজছাত্রীকে প্রকাশ্যে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় জনতার প্রতিরোধে অপহরণের চেষ্টা ব্যর্থ হলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী সালমা বেগম তিলপাড়া গ্রামের মৃত মুহিব আলীর মেয়ে। তিনি বিয়ানীবাজার সরকারি কলেজের ডিগ্রি (বি.এ.) প্রথম বর্ষের ছাত্রী। দীর্ঘদিন ধরে একই এলাকার মনই মিয়ার ছেলে মিছবাহ উদ্দিন তাকে বিভিন্নভাবে উত্যক্ত, ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক বিয়ের চাপ দিয়ে আসছিল। এতে তিনি নিরাপত্তাহীনতায় নিয়মিত কলেজে যাওয়া বন্ধ করে দেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কলেজের ইনকোর্স পরীক্ষা শুরু হলে গত ১০ অক্টোবর সালমা বেগম গোপনে একটি ভাড়াকৃত প্রাইভেট কারে করে পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে কলেজে যান। কিন্তু আগে থেকেই খবর পেয়ে মিছবাহ উদ্দিন তার সহযোগীদের নিয়ে কলেজের সামনের রাস্তায় গাড়ির গতিরোধ করে। এ সময় তারা জোরপূর্বক তাকে গাড়ি থেকে নামিয়ে অপহরণের চেষ্টা চালায়। তখন স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে বাধা দিলে অপহরণকারীরা ব্যর্থ হয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সহযোগিতায় ভুক্তভোগী নিরাপদে পরীক্ষা দিতে সক্ষম হন।

পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত মিছবাহ উদ্দিনের বিরুদ্ধে এর আগেও ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, হামলা এবং বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ রয়েছে।
মিসবাহ ২০১৫ সাল থেকে সালমা বেগমকে কলেজে ও রাস্তায় আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় হুমকি দামকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন সালমার পরিবার।

সর্বশেষ এই অপহরণের চেষ্টার ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় অভিযুক্ত মিছবাহ উদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন