ভবন নির্মাণে অনিয়ম রোধে মাঠে সিউক, সতর্ক করা হচ্ছে মালিকদের

Daily Jugabheri
প্রকাশিত October 19, 2026
ভবন নির্মাণে অনিয়ম রোধে মাঠে সিউক, সতর্ক করা হচ্ছে মালিকদের

নগরের ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিতকরণ এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাঠপর্যায়ে অভিযানে নেমেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।

রবিবার দুপুরে নগরের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন বহুতল ও নিচু ভবন পরিদর্শন করেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে বহুতল ও সাধারণ ভবনগুলো অনুমোদিত নকশা ও নির্মাণ বিধি মেনে তৈরি হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করা হয়। একই সাথে ভবন নির্মাণের মূল অনুমোদন এবং কাজ শেষে ব্যবহারের উপযোগিতা সংক্রান্ত অনুমোদনপত্র (অকুপেন্সি সার্টিফিকেট) গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।সিলেটের খবর

সিউকের পরিদর্শন দল নগরের গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করে।

পরিদর্শনকালে দেখা যায়, হাওয়াপাড়ার মসজিদসংলগ্ন এলাকায় একটি ভবনের গ্রাউন্ড ফ্লোরের নির্মাণকাজ, হাওয়াপাড়ার শহীদ মিনার এলাকায় পাইলিংয়ের কাজ, শিবগঞ্জের সাইফা সামিট এলাকায় একটি ৭ তলা ভবনের গ্রেড বিমের কাজ, সুবিদবাজারের প্ল্যাটিনাম অ্যাপার্টমেন্ট এলাকায় একটি ১৫ তলা ভবনের বেইজমেন্টের কাজ এবং পাঠানটুলার পয়েন্ট রোড থেকে রাগীব আলী হাসপাতালগামী ২ নম্বর সড়কে একটি ৩ তলা ভবনের বেইজ নির্মাণকাজ চলমান রয়েছে।

পরিদর্শন শেষে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী জানান, সিলেট সিটি করপোরেশন বা সিউকের অনুমোদিত নকশা অনুযায়ী নিয়ম মেনে কাজ হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এই তদারকি শুরু হয়েছে।

তিনি বলেন, অনেকে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণ কাজ করছেন যা আইনসম্মত নয়। এগুলো দ্রুততম সময়ে সংশোধনের জন্য সবাইকে সতর্ক ও পরামর্শ প্রদান করা হয়। আমরা চাই ভবনমালিক ও সুপারভাইজাররা সমন্বয়ের মাধ্যমে আইন মেনে কাজ করুন। শহরকে একটি পরিকল্পিত, আধুনিক ও নিরাপদ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।সিলেটের খবর

সিউকের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ ও অন্যান্য কর্মকর্তারা এই পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে সিলেট শহরের সকল নির্মাণাধীন ভবনে এই পরিদর্শন কার্যক্রম চালানো হবে। এদিকে নিয়মমাফিক ভবন নির্মাণে সিউকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ নগরবাসী ও ভবনমালিকরা।

সংবাদটি শেয়ার করুন