পত্রিকায় সংবাদ প্রকাশের জের : সাংবাদিক আশিক আলীর উপর বর্বরোচিত হামলা, বিশ্বনাথে শিবির নেতার বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ : দুই বৎসরের একটি শিশু অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি

Daily Jugabheri
প্রকাশিত October 27, 2026
পত্রিকায় সংবাদ প্রকাশের জের : সাংবাদিক আশিক আলীর উপর বর্বরোচিত হামলা, বিশ্বনাথে শিবির নেতার বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ : দুই বৎসরের একটি শিশু অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার : ১৯ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে “বিশ্বনাথের রামপাশায় চাঁদা না পাওয়ায় শিবির নেতার পিতা-মাতা ও ভাইকে ছুরিকাঘাত করে গুরুতর জখম” শিরোনামে দৈনিক যুগভেরীতে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি আশিক আলীর উপর সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে বাংলাদেশ ছাত্র শিবির ৪নং রামপাশা ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমাদ খানের বাড়িতেও সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা, টাকাসহ স্বর্ণালংকার লুটপাট এবং ভাঙচুর চালানো হয়। একই সঙ্গে সন্ত্রাসীরা শিবির নেতার বসতবাড়ির বাহিরের একটি ঘরে অগ্নিসংযোগ করার খবর পাওয়া গেছে। অগ্নিকান্ডে মোঃ এমাদ খানদের বাড়িতে আসা তাদের নিকটাত্মীয় আয়ান নামের ২ বৎসরের একটি শিশু অগ্নিদগ্ধ হয়েছে। ঘটনাটি সংঘটিত হয় গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা অনুমান ৭.০০ ঘটিকায়। এর আগে গত ১৮ অক্টোবর একই গ্রুপের সন্ত্রাসীরা চাঁদার জন্য ছাত্র শিবির নেতা মোঃ ইমাদ খানের বাড়িতে গিয়ে তার বয়োঃবৃদ্ধ পিতা মোঃ তোয়াহিদ খানের নিকট মোটা অংকের চাঁদা দাবি করে। তিনি বিপুল পরিমাণ চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তার উপর চড়াও হয়ে তার মাথা ও হাতে আঘাত করলে তিনি মারাত্মকভাবে আহত হন। এ সময় মোঃ তোয়াহিদ খানের শোর-চিৎকারে তার স্ত্রী ও পুত্র এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাদেরকে প্রতিবেশিদের সহায়তায় স্থানীয় বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পত্রিকায় সন্ত্রাসীদের নাম উল্লেখ করায় পুনরায় একই সন্ত্রাসীরা গতকাল দৈনিক যুগভেরী পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি’র অফিসে গিয়ে তাকে বেদম মারপিট করে গুরুতর জখম করে। এর কিছুক্ষণ পর চিহ্নিত এসব সন্ত্রাসীরা সদলবলে ইসলামী ছাত্র শিবির নেতা মোঃ ইমাদ খানদের বাড়িতে সশস্ত্র অবস্থায় গিয়ে প্রথমে ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিষপত্র ও আসবাবপত্র ভাঙচুর করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা শিবির নেতার বাড়ির পূর্বেদিকে পুরাতন একটি অতিথি থাকার ঘরে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। মুহুর্তে আগুনের লেলিহান শিখা ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে এবং আগুনের স্ফুলিঙ্গ ঐ বাড়িতে বেড়াতে আসা মোঃ ইমাদ খানের খালাত ভাই দুই বৎসরের শিশু আয়ান এর উপর গিয়ে পড়লে সে মারাত্মকভাবে দগ্ধ হয়। পরে গ্রামবাসীর সহায়তায় ৩ ঘন্টাব্যাপি প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ আয়ানকে সিলেট নগরীর উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন। তবে পরিবারের লোকজন এখনও থানায় কোনো অভিযোগ প্রদান করেননি। তবে তারা খুবই আতংকিত অবস্থায় রয়েছেন।
এছাড়া সাংবাদিক আশিক আলী সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। সাংবাদিক আশিক আলীর পরিবারের পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সিলেট প্রেসক্লাব ও জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা
এদিকে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের কারণে দৈনিক যুগভেরীর বিশ্বনাথ প্রতিনিধি আশিক আলীর উপর সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন।

সংবাদটি শেয়ার করুন