
যুগভেরী ডেস্ক ::: মদন মোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মকছুছুল করিমের উপর হামলা চালিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল বিকেল তিনটার দিকে নগরীর লামাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত মদন মোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলার রামপাশা রায়পুর গ্রামের বদরুল আলমের ছেলে মো. মকছুছুল করিম বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র জানায়, মদন মোহন কলেজ ছাত্রদল নেতাকর্মীরা বর্তমান সরকারকে উৎখাত করার জন্য এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সরকারের বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অশ্রাব্য গালিগালাজ করে মিছিল প্রদান করে। এসময় কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ তাদেরকে এসকল আচরণ থেকে বিরত থাকার কথা বলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা ও হাতাহাতি হয়। পরবর্তীতে বিকেল তিনটায় কলেজের ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে ছাত্রদল নেতা শাকিল মোর্শেদের নেতৃত্বে ২০/৩০ জন ক্যাডার মকছুছুল করিমের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মকছুছুল করিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে অজ্ঞান অবস্থায় ফেলে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের আরএমও ডাক্তার বিপুল চন্দ জানান, গুরুতর আহত অবস্থায় ছাত্রলীগ নেতা মকছুছুল করিমকে জরুরী বিভাগে এনে ভর্তি করেন। তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে একাধিক অস্ত্রোপচার চলছে।
সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ অনিক জানান, ছাত্রদল নেতা শাকিল মোর্শেদের নেতৃত্বে মকছুছুল করিমের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়েছে। এ ব্যাপারে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুত শাস্তির আহ্বান জানান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিছুর রহমান জানান, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মকছুছুল করিমের উপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে লিখত অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।