
স্টাফ রিপোর্টার
সিলেট, ০২ নভেম্বর ২০২২ বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট মহানগরের আওতাধীন ৩ নং ওয়ার্ড শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সংগঠক আব্দুল্লাহ চৌধুরী। মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে এই মনোনয়ন প্রদান করা হয়।
দলের ঘোষণায় বলা হয়েছে, নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং তরুণদের সম্পৃক্ততা বাড়ানোই এই কমিটি ঘোষণার মূল উদ্দেশ্য।
মনোনয়ন ঘোষণার পরই ওয়ার্ডজুড়ে ছাত্রলীগ কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ উপলক্ষে নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়, যা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে রূপ নেয়। শতাধিক নেতাকর্মীর অংশ গ্রহণে মিছিলটি “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোওয়ার জাহান সৌরভ বলেন, “ছাত্রলীগের শক্তি হলো তরুণ প্রজন্মের নেতৃত্ব। আমরা বিশ্বাস করি, আব্দুল্লাহ চৌধুরীর মতো মেধাবী ও উদ্যমী কর্মীর হাতে ওয়ার্ড সংগঠন আরও গতিশীল হবে। তাঁর নেতৃত্বে শিক্ষাঙ্গনে সংগঠনের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।”
সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ বলেন, “ছাত্রলীগ শুধু একটি সংগঠন নয়, এটি আদর্শ ও দায়িত্ববোধের প্রতীক। আব্দুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে সংগঠনের জন্য কাজ করে আসছেন। আমরা আশাবাদী, তাঁর নেতৃত্বে ৩ নং ওয়ার্ড ছাত্রলীগ একটি আদর্শিক ও ঐক্যবদ্ধ টিমে পরিণত হবে।”
নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ চৌধুরী বলেন, “ছাত্রলীগ আমার রাজনৈতিক জীবনের প্রেরণার উৎস। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি একটি চ্যালেঞ্জ ও সম্মানÑদুই হিসেবেই দেখছি। আমি প্রতিজ্ঞাবদ্ধ, বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে কাজ করব। সংগঠনের মর্যাদা রক্ষা করা এবং তরুণ সমাজকে ইতিবাচক রাজনীতির পথে এগিয়ে নেওয়াই হবে আমার মূল লক্ষ্য।”
স্থানীয় নেতাকর্মীদের বিশ্বাস, নতুন নেতৃত্বের হাতে ৩ নং ওয়ার্ড ছাত্রলীগ আরও সংগঠিত, সক্রিয় ও জনগণের কাছাকাছি হয়ে উঠবে।