• ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেটের গোলাপগঞ্জে বসতবাড়িতে অজ্ঞাত ব্যক্তিদের হামলা ও ভাঙচুর

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৫
সিলেটের গোলাপগঞ্জে বসতবাড়িতে অজ্ঞাত ব্যক্তিদের হামলা ও ভাঙচুর

গোলাপগঞ্জ (সিলেট), ২০ ফেব্রুয়ারি ২০২৫: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পালপাড়া গ্রামে রহিমা বেগম নামে একজন নারীর বসতবাড়িতে অজ্ঞাতনামা ব্যক্তিদের দ্বারা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল আনুমানিক ৪:০০ টার দিকে সংঘটিত হয়। তিনি উক্ত গ্রামের বাসিন্দা মোহাম্মদ জামালের স্ত্রী।

রহিমা বেগম জানান যে, একদল অজ্ঞাত ব্যক্তি জোরপূর্বক তার বাড়িতে প্রবেশ করে। তারা নিজেদের বিএনপি-জামায়াত ও তাদের অঙ্গ সংগঠন এবং বৈষম্য-বিরোধী আন্দোলনের স্থানীয় নেতা-কর্মী হিসেবে পরিচয় দেয়। তারা রহিমার পুত্র মাহফুজকে খুঁজতে থাকে। মাহফুজ বাড়িতে না থাকায় তারা ক্ষিপ্ত হয়ে বাড়ির লোকজনের বাধা উপেক্ষা করে অস্ত্রের মুখে ঘরে প্রবেশ করে এবং তল্লাশির নামে ভাঙচুর চালায়।

চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এগিয়ে আসলে হামলাকারীরা অস্ত্র উঁচিয়ে তাদের ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনাস্থল ত্যাগের সময় তারা রহিমা বেগমের স্বামী ও দুই পুত্রকে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় রহিমা বেগম গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জি.ডি.) দায়ের করেছেন। তিনি জানান, ভবিষ্যতে হামলাকারীদের সনাক্ত করতে পারলে তিনি নিয়মিত মামলা দায়ের করবেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জি.ডি. গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।

উল্লেখ্য, রহিমা বেগমের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় বর্তমানে ব্যাপক জনরোষের ভয়ে পরিবারের প্রায় সকল পুরুষ সদস্য পালিয়ে বেড়াচ্ছে। স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পরপরেই গত ০৭ আগস্ট রহিমা বেগমর পুত্র মাহফুজের উপর হামলা করে একদল দুর্বৃত্ত। এছাড়াও মাহফুজের ওপর একটি হত্যাচেষ্টা ও একটি অস্ত্র মামলা দায়েরকৃত আছে।

সংবাদটি শেয়ার করুন