লন্ডনে আওয়ামী মেয়র আনোয়ারুজ্জামানের ছায়াতলে সেই যুবলীগ নেতা মুহিত

Daily Jugabheri
প্রকাশিত February 26, 2026
লন্ডনে আওয়ামী মেয়র আনোয়ারুজ্জামানের ছায়াতলে সেই যুবলীগ নেতা মুহিত

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘অশিক্ষিত ও গণ্ডমূর্খ’ বলে কটূক্তি করা সেই যুবলীগ নেতা আব্দুল মুহিত(৩৭) এখন লন্ডনে দিব্যি দিন পার করছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগে যুক্ত হয়ে সেখানকার আওয়ামী পরিবারের সবকয়টি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেল্ফি ও ছবি তুলছেন আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাদের সাথে। অল্প দিনেই জায়গা করে নিয়েছেন নেতাদের মনে। তাইতো তাকে এখন বুকে আগলে রাখেন সিলেট-৩ আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমান হাবিব ও সিলেট সিটি করপোরেশনের সাবেক আওয়ামী মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। গতকাল ২৫ ফেব্রুয়ারি এমন একটি ফেসবুক পোস্টে এ দৃশ্য দেখা গেছে।
আব্দু মুহিত তাঁর নিজের ফেসবুক ওয়ালে আনোয়ারুজ্জামান-সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার ছবি সম্বলিত কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশন হিসেবে লেখেন- ‘রাত যত গভীর হয়, আলো ততই কাছে আসে, হাম্বা খাম্বায় কোনো কাজ হবে না।’ ওই পোস্টে বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে মুহিতকে একটি মতবিনিময় সভায় দেখা যায়।
আব্দুল মুহিত সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের কামালবাজার এলাকার বেটুয়ারমুখ গ্রামের মো. মোক্তার আলীর ছেলে ও ১নং মোল্লারগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
এর আগে গত ১৮ জানুয়ারি তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে আলোচনায় আসেন মুহিত। ওই কটূক্তির জবাবে তার বাড়িতে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছিল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরপর কিছুদিন নিরব থাকলেও আবারও তিনি ফেসবুকে বিএনপিকে নিয়ে কটূক্তি শুরু করেন।
এ ব্যাপারে জানতে চাইলে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান ফয়েজ জানান, মুহিত দেশে থাকতেই দলান্ধ ছিল। সে আওয়ামী লীগের হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতো। তাঁর এসব কাজের শেল্টার দিতেন তখনকার সাংসদ হাবিবুর রহমান হাবিব। যুক্তরাজ্যে গিয়ে সে আরও বেপরোয়া হয়ে উঠেছে। ফেসবুকে বিএনপি তথা বিএনপির চেয়ারম্যানকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট করছে। সেখানেও তার শেল্টার আছে। ২০২৪ এর ০৫ আগস্টের পর থেকে দেশ ত্যাগ করা নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলেছে। তারাই এখন তাকে আগলে রাখছেন এবং শেল্টার দিচ্ছেন।
তিনি বলেন, মুহিত দেশে আসলে তাঁর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। সাইবার অপরাধে মামলা দায়েরের বিষয়ে দলের উপর মহল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এটি এখনই নয়, দেশে আসার পর।

সংবাদটি শেয়ার করুন