• ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ওসমানীনগরে প্রবাসী যুবলীগ নেতার বাড়ীতে পুলিশী তল্লাশী : পরিবারকে হয়রানী

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬
ওসমানীনগরে প্রবাসী যুবলীগ নেতার বাড়ীতে পুলিশী তল্লাশী : পরিবারকে হয়রানী

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতার নেতার বাড়ীতে পুলিশী তল্লাশী ও পরিবারের সদস্যদের হয়রানীর অভিযোগ উঠছে। গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের গজাইয়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা মোঃ আবুল মিয়া (৩৬) এর বাড়ীতে এই তল্লাশীর ঘটনা ঘটে। গভীর রাতে পুলিশী তল্লাশীর কারণে পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় পুলিশ কর্তৃক পরিবারের নারী ও বয়স্কদের হুমকী ধামকীর ঘটনা ঘটে। তবে এই অভিযোগ পুলিশ অস্বীকার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমানীনগর উপজেলার গজাইয়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র মোঃ আবুল মিয়া (৩৬) দেশে থাকতে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি দীর্ঘদিন উপজেলার সাদীপুর ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। প্রবাসে গিয়েও তিনি আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও স্থানীয় কমিউনিটিতে বিভিন্ন দলীয় কর্মসূচীতে সক্রিয় রয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর প্রবাসে থাকা স্বত্তেও তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং- এসএমপি কোতোয়ালী থানা সি,আর-৭৩৪/২০২৫ইং। উক্ত মামলায় ইতোমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতারের অংশ হিসেবে গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ওসমানীনগর থানার একদল পুলিশ আবুল মিয়ার বাড়ীতে গিয়ে ডাকাডাকি শুরু করে। এসময় পরিবারের সদস্যদের পক্ষ থেকে এত রাতে না এসে দিনের বেলায় আসার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানানো হয়। কিন্তু পুলিশ এতে ক্ষীপ্ত হয়ে বাড়ীর দরজা ভেঙ্গে ঘরে প্রবেশের চেষ্টা চালায়। ফলে বাধ্য হয়ে পরিবারের সদস্যগণ পুলিশকে দরজা খুলে দেন। পুলিশ ভিতরে ঢুকেই ঘরে থাকা মহিলা ও বয়স্কদের গালাগালি শুরু করে। ঘরের সকল আসবাবপত্র তছনছ করে। এসময় যুবলীগ নেতা আবুল মিয়ার মা উপস্থিত পুলিশ সদস্যদেরকে খারাপ আচরণ থেকে বিরত থাকার অনুরোধ জানালে এক পুলিশ মারার জন্য তার দিকে তেড়ে যায়। এতে পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গভীর রাতে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে পুলিশ চলে যায়।

এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি মুরশেদুল আলম ভুইয়া বলেন, আবুল মিয়ার বিরুদ্ধে একটি মামলায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ ঐ বাড়ীতে অভিযান চালিয়েছে। পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণের অভিযোগটি সত্য নয় বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন