
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে প্রবাসী যুবকের বাড়ীতে সরকারদলীয় বিএনপি নেতাকর্মী ও পুলিশ কর্তৃক যৌথ হামলা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (৮ মে) রাত ১০টার দিকে বিশ্বনাথ উপজেলার লামাকাজী শাখারিকোনা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা মোজাক্কির আহমেদের বাড়ীতে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা হামলা ও ভাংচুর করেন। এসময় পুলিশ উপস্থিত থাকলেও তারা নিরব দর্শকের ভুমিকা পালন করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসময় বাড়ীর প্রয়োজনীয় আসবাবপত্র ও দরজা-জানালা ভাংচুর করা হয়েছে। তবে এতে কেউ আহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, বিশ্বনাথ উপজেলার লামাকাজী শাখারিকোনা গ্রামের মোঃ আব্দুস সালামের পুত্র মোজাক্কির আহমেদ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। দেশে থাকতে সে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। সে বিগত সময়ে লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছে। প্রবাসে গিয়েও সে আওয়ামী রাজনীতিতে সক্রিয় রয়েছে। সেই সুবাদে সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিয়মিত বর্তমান বিএনপি সরকারকে নিয়ে নানা সমালোচনামুলক লেখালেখি করে আসছে। এর জের ধরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা একাধিকবার তাঁর বাড়ীতে হামলা ও পরিবারের সদস্যদের হুমকীÑধামকী দিয়ে আসছে। সম্প্রতি বিএনপি সরকার ও বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে সমালোচনা করায় তার বিরুদ্ধে গত ৫ এপ্রিল সুনামগঞ্জের আমল গ্রহণকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ছাতক জোনের বিচারক মোঃ নুরুল হকের আদালতে একটি মামলা দায়ের করা হয়। ২৫ জনের নাম উল্লে করে মামলাটি দায়ের করেন সুনামগঞ্জের ছাতক থানার রসুলপুর মেশব গ্রামের মোঃ রুস্তুম খাঁনের পুত্র ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শামছ উদ্দিন খান। মামলায় মোজাক্কির আহমেদকে ১৭নং আসামী করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৩ জুনের মধ্যে আদালতে তদন্ত রিপোর্ট দাখিল ও আসামীদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।
স্থানীয়রা জানান, এই মামলার পরপরই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রায় সময়ই মোজাক্কিরের বাড়ীতে গিয়ে হুমকী-ধামকী দিয়ে আসছিলো। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশকে সাথে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতাকর্মীরা ছাত্রলীগ নেতা মোজাক্কিরের বাড়ীতে হামলা ও ভাংচুর চালায়। তারা বাড়ীতে ঢুকে ঘরের আসবাবপত্র ভাংচুর করতে থাকে। ঘরে থাকা নারী ও শিশুদের উপর হামলার চেষ্টা করে। ভয়ে সবাই ঘর থেকে বেরিয়ে পাশের বাড়ীতে আশ্রয় নেন। নেতাকর্মীরা প্রায় আধাঘন্টা ব্যাপী তাণ্ডব চালিয়ে চলে যায়। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। হামলার সময় পুলিশ বাড়ীর পাশের্^ রাস্তায় থাকলেও হামলা বন্ধে কোন ভুমিকা নেয়নি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কিন্তু কেউ ভয়ে প্রতিবাদ করতে পারছেনা।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান বলেন, মোজাক্কির আহমেদের নামে সুনামগঞ্জের আদালত থেকে একটি আদেশ এসেছে। তার বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়েছে। পুলিশ মামলার তদন্ত করতে সেখানে গিয়েছিল। হামলা ও ভাংচুরের কোন খবর আমরা শুনিনি। পুলিশের সামনে ভাংচুরের ঘটনাটি সঠিক নয় বলেও জানান তিনি।