গোলাপগঞ্জে সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলামের বাড়িতে পুলিশের অভিযান

Daily Jugabheri
প্রকাশিত June 19, 2026
গোলাপগঞ্জে সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলামের বাড়িতে পুলিশের অভিযান

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ঢাকাদক্ষিন মুসলিম পাড়া গ্রামের মৃত আব্দুর রউফ এর পুত্র সাবেক যুবলীগ নেতা মোহাম্মদ নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল ১৮ জুন বিকেলে গোলাপগঞ্জ থানা পুলিশ এ অভিযান চালায়। মোহাম্মদ নজরুল ইসলাম গোলাপগঞ্জ লক্ষণাবন্দ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে গোলাপগঞ্জ থানা পুলিশের একটি দল যুবলীগ নেতা মোহাম্মদ নজরুল ইসলামকে আটক করতে তার গ্রামের বাড়িতে অভিযান চালায়। প্রায় ঘন্টাখানেক পুলিশ বাড়িতে তল্লাশী চালিয়ে তাকে না পেয়ে প্রতিবেশীদেরকে তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে এবং সতর্ক করে যায়, নজরুল ইসলামের বিষয়ে কেউ তথ্য গোপন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
যুবলীগ নেতা মোহাম্মদ নজরুল ইসলামের চাচাতো ভাই জাহিরুল ইসলাম জানান, বাড়িতে তিনি ও তাদের এক চাচা খাজা মইন উদ্দীন থাকেন। নজরুল দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। বিভিন্ন সময় পুলিশের অভিযান আতংকে নজরুলের মা রোকিয়া চৌধুরী তার মেয়ের বাড়িতে থাকেন।
তিনি অভিযোগ করেন, পুলিশ বাড়িতে ঢুকে মোহাম্মদ নজরুল ইসলামকে খুঁজতে থাকে। নজরুল বাড়িতে নেই জানালে তারা ধামকি দিয়ে বলে- সে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। এসময় পুলিশ সারা ঘরজুড়ে তল্লাশির নামে তছনছ করে এবং অকথ্য ভাষায় তাকে ও চাচাকে গালিগালাজ করে। এতে তিনি প্রতিবাদ করলে পুলিশ তার শার্টের কলারে ধরে টেনে হিচড়ে ঘর থেকে বের করে নিয়ে আসে এবং থানায় তুলে নিয়ে কোর্টে চালান দেয়ার হুমকি দেয়। যাবার সময় প্রতিবেশিদেরকেও জিজ্ঞাসাবাদ করে এবং ধামকি দিয়ে যায়, নজরুলকে তাদের হাতে তুলে না দিলে পরিবারের সদস্যদের আটক করা হবে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীদের ধরতে গতকাল গোলাপগঞ্জ থানার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়েছে তারা। মোহাম্মদ নজরুল ইসলাম একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। তাকে আটক করার জন্য সরকারের উচ্চ মহলের চাপ রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক রয়েছে। মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীদের আটক করে আইনের আওতায় নিয়ে আসতে দেশজুড়ে অভিযান চলছে। মোহাম্মদ নজরুল ইসলামকে আটক করতে সম্ভাব্য সব জায়গায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন