প্রবাসী জামায়াত নেতার বাড়ির কেয়ারটেকারকে হত্যার হুমকি : থানায় জিডি

Daily Jugabheri
প্রকাশিত July 11, 2026
প্রবাসী জামায়াত নেতার বাড়ির কেয়ারটেকারকে হত্যার হুমকি : থানায় জিডি

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে পতিত আওয়ামী লীগ নেতাকর্মী কর্তৃক যুক্তরাজ্য প্রবাসী জামায়াত নেতার বাড়ির কেয়ারটেকারকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকীর অভিযোগ উঠছে। এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেছেন কেয়ারটেকার মোঃ কুটি মিয়া (৫৪)। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার কান্দলা গ্রামের মৃত মসাইদ আলীর পুত্র এবং বিয়ানীবাজার থানাধিন ঘুঙ্গাদিয়া পালপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জামায়াত নেতা মোঃ সারাজ উদ্দিনের বাড়ির কেয়ারটেকার।

স্থানীয় ও জিডি সূত্রে জানা গেছে, মোঃ কুটি মিয়া (৫৪) দীর্ঘ ৫ বছর যাবৎ বিয়ানীবাজার ঘুঙ্গাদিয়া পালপাড়া গ্রামের জামায়াত নেতা মোঃ সারাজ উদ্দিনের বাড়িতে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জামায়াতের রাজনীতি করার কারণে আওয়ামী সরকারের আমলে ১০নং মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহিদ ও ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাওছার আহমদ কর্তৃক তিনি হামলা মামলা ও হয়রানীর শিকার হন। এক পর্যায়ে বাধ্য হয়ে তিনি ২০২২ সালের ১৬ নভেম্বর স্ত্রী-সন্তানসহ স্বপরিবারে যুক্তরাজ্যে চলে যান। এরপর থেকে মোঃ কুটি মিয়া প্রবাসী জামায়াত নেতা মোঃ সারাজ উদ্দিনের বাসা দেখাশুনা করে আসছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহিদ ওw ছাত্রলীগ নেতা কাওছার আহমদ কিছুদিন আত্মগোপনে চলে যান। কিন্তু কয়েক মাসের মাথায় তারা দুজন বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়ে যায়। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী বিএনপি ক্ষমতায় চলে গেলে তারা আবার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে থাকে। সম্প্রতি তারা বিএনপির স্থানীয় এমপির প্রভাব খাটিয়ে বাসায় এসে হুমকী ধামকী দিয়ে যাচ্ছে। সর্বশেষ গত শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টার দিকে আব্দুল ওয়াহিদ ও কাওছার আহমদ দেশীয় অস্ত্রশস্ত্র লাঠিসোটাসহ বিএনপির স্থানীয় ৪/৫ জন নেতাকর্মীকে সাথে নিয়ে প্রবাসী জামায়াত নেতা মোঃ সারাজ উদ্দিনের বাড়ীতে হামলার চেষ্টা করে। তারা বাড়িতে ঢুকে মোঃ সারাজ উদ্দিনকে খুঁজতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি তাকে কিংবা তার পরিবারের কাউকে পেলে খুন করে লাশ গুমের হুমকীও দিয়ে যায়। পরবর্তীতে মোঃ সারাজ উদ্দিনের পরামর্শে কেয়ারটেকার মোঃ কুটি মিয়া বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশের সহযোগিতা কামনা করেন। এব্যাপারে বিয়ানীবাজার থানার ওসি মোঃ ওমর ফারুক-কে জিজ্ঞেস করা হলে বিষয়টি তার জানা নেই বলে মন্তব্য করেন। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন