কানাইঘাটের বাংলা বাজারের ভাই ভাই ভেরাইটিজ স্টোর (বামে), হামলায় আহত দোকানের স্বত্বাধিকারী ব্যবসায়ী গিয়াস উদ্দিন।

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করায় মারধর এবং দোকানের ক্যাশ কাউন্টার থেকে ৮ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী গিয়াস উদ্দিন কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গিয়াস উদ্দিন বাংলা বাজারের ভাই ভাই ভেরাইটিজ স্টোরের স্বত্বাধিকারী। তাঁর অভিযোগ, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহসভাপতি আশিক উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত তাজিম উদ্দিন, জহির, রায়হান, নাজিম এবং বিএনপি নেতা জেডিসি মাছুমসহ ১০-১২ জনের একটি দল গত ৭ অক্টোবর বুধবার সকাল ১১টার দিকে তাঁর দোকানে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিন দিনের মধ্যে টাকা প্রস্তুত রাখার জন্যও তাঁকে সময় বেঁধে দেওয়া হয়।
গিয়াস উদ্দিন এই প্রতিবেদককে জানান, নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিতে না পারায় অভিযুক্ত ব্যক্তিরা ১১ অক্টোবর রোববার বিকেল ৪টার দিকে আবারও দোকানে আসে। এ সময় চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে দোকানের ক্যাশ কাউন্টার থেকে প্রায় ৮ লাখ টাকা নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। ওই টাকা বিভিন্ন কোম্পানির পাওনা পরিশোধের জন্য রাখা হয়েছিল।
ঘটনার পর বাজারের ব্যবসায়ীরা তাঁকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় থানায় মামলা করতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ায় পুলিশ মামলা নিতে অনীহা প্রকাশ করে বলে অভিযোগ করেন গিয়াস উদ্দিন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।