ওসমানীনগরে যুবলীগ নেতার বাড়িতে হামলা আসবাবপত্র ভাঙচুর ; একজন আহত

Daily Jugabheri
প্রকাশিত April 24, 2026
ওসমানীনগরে যুবলীগ নেতার বাড়িতে হামলা আসবাবপত্র ভাঙচুর ; একজন আহত

যুগভেরী ডেস্কঃ
সিলেটের ওসমানীনগরে যুবলীগ নেতা মোহাম্মদ আলীর বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেছে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ওই যুবলীগ নেতার ভাই মোঃ কোখন মিয়া।
গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর মাইজগাঁও গ্রামে ইউনিয়ন যুবলীগের সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে এই হামলার ঘটনাটি ঘটে।

যুবলীগ নেতার পরিবার এবং প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে যুবদল নেতা নুরুদ্দিনের নেতৃত্বে বিএনপি ও যুবদলের একদল নেতাকর্মী লাঠিসুটা নিয়ে মোহাম্মদ আলীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ির কলাসিপল গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে মোহাম্মদ আলীকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তাকে না পেয়ে প্রতিটি ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে। দূর থেকে প্রতিবেশিরা ঘটনাটি দেখলেও ভয়ে কেউ কাছে আসতে সাহস পাননি। খবর পেয়ে মোহাম্মদ আলীর ভাই মোঃ কোখন মিয়া বাড়ি ফিরে হামলাকারীদের প্রতিহত করার চেষ্ঠা করলে তাকে লাটিসুটা দিয়ে বেদম প্রহার করা হয়। হামলাকারীদের আঘাতে তিনি রক্তাক্ত য়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত কোখন মিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত কোখন মিয়া বলেন, আমি ধানি জমিতে কাজ করছিলাম, হঠাৎ জানতে পারি আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হচ্ছে। আমি দ্রুত বাড়িতে ফিরে দেখি যুবদল নেতা নুরুদ্দিনের নেতৃত্বে বিএনপি ও ছাত্রদলের ১৫-২০জন ঘরের ভিতরে আসবাবপত্র ভাঙচুর করছে। এসময় আমি তাদের প্রতিহত করার চেষ্ঠা করলে তারা লাঠিসুটা দিয়ে আমাকে আঘাত করা শুরু করলে আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই।

গ্রামের আবরুছ মিয়া বলেন, মোহাম্মদ আলীর বাড়িতে হঠাৎ ভাঙচুরের শব্দ শোনে এগিয়ে গেলেও প্রাণের ভয়ে দূর থেকে দেখা ছাড়া কিছু করার ছিল না।

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। মুঠোফোনে তিনি বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতার্মীরা হামলা ও মামলায় জর্জরিত। বিএনপি ও জামায়াত প্রতিনিয়ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে, বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করছে, কিছুই তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না।
এছাড়াও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন,সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জান চৌধুরী, ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতফুর রহমান সুহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, উমরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন সূত্রধর এবং সাধারণ সম্পাদক জুমন মিয়া প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন