মানবাধিকার কর্মী মিজানের বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি

Daily Jugabheri
প্রকাশিত April 25, 2026
মানবাধিকার কর্মী মিজানের বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি

নিজস্ব সংবাদদাতা, গোলাপগঞ্জ : সিলেটের গোলাপগঞ্জে প্রবাসী মানবাধিকার কর্মী মো. মিজানুর রহমানের বাড়িতে ও তার পরিবারের ওপর হামলা এবং তাকে প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের ফুলবাড়ি পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় বাড়ির আসবাবপত্র ভাংচুর এবং একজন আহতের খবর পাওয়া গেছে। হামলা ও হুমকীর সাথে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগিদের সাথে কথা বলে জানা গেছে, মো. মিজানুর রহমান ২০২৩ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি দেশে থাকতে ইসলামী ছাত্রশিবিরের মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিস ফর জুলাই ইউকে ‘Justice for July UK’ সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্যে অবস্থান করেও তিনি মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়ে আসছেন। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির বিভিন্ন বেআইনী কর্মকান্ডের সমালোচনা করায় তার বাড়ি ও পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

মিজানুর রহমানের বাবা আব্দুল গনি জানান, তারা বর্তমানে গোলাপগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের ফুলবাড়ী পূর্বপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছেন। তার ছেলে মো. মিজানুর রহমানের মানবাধিকারবিষয়ক কর্মকাণ্ড ও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে দেওয়া বক্তব্যের কারণে তারা দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও হুমকির মুখে রয়েছেন। সম্প্রতি তারা স্থানীয় থানায় হামলা ও হুমকির বিষয়ে লিখিত অভিযোগ দেয়ার পরপরই বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আমি নিজে আহত হয়েছি। উপজেলা ছাত্রদল নেতা ফয়েজ আহমদের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। ফয়েজ প্রকাশ্য পরিবারের সবার সামনে সরকারবিরোধী লেখালেখি বন্ধ না করলে আমার ছেলেকে হত্যা করবে এবং পরিবারে কাউকে ছাড়বেনা বলে হুমকী দিয়ে গেছে। এরপর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি।

তিনি জানান, ধারাবাহিক হুমকির কারণে তারা চরম আতঙ্ক, মানসিক চাপ ও অনিরাপত্তার মধ্যে দিন কাটাচ্ছেন। যেকোনো সময় আবারও হামলা বা প্রতিশোধমূলক সহিংসতার ঘটনা ঘটতে পারে। স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও এখন পর্যন্ত প্রয়োজনীয় নিরাপত্তা বা প্রতিকার পাননি। এ ব্যাপারে সরকার, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এব্যাপারে গোলাপগঞ্জ থানার ওসি আশরাফুজ্জামান বলেন, এই ধরনের কোন ঘটনার খবর তার জানা নেই। কেউ অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন