বিদেশে থেকেও মামলার আসামি, প্রবাসীর বাড়িতে পুলিশের তল্লাশি

Daily Jugabheri
প্রকাশিত May 13, 2026
বিদেশে থেকেও মামলার আসামি, প্রবাসীর বাড়িতে পুলিশের তল্লাশি

দক্ষিণ সুরমা প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে যুক্তরাজ্যপ্রবাসী এক যুবকের বাড়িতে গভীর রাতে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ তার অবস্থান জানতে চায়। বিদেশে অবস্থানরত ওই যুবককে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলায় আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গত সোমবার (১১ মে) দিবাগত গভীর রাতে মোগলাবাজার থানার কান্দিয়ারচর গ্রামের ছমির উদ্দিনের ছেলে যুক্তরাজ্যপ্রবাসী সালমান আহমদের বাড়িতে এ তল্লাশি চালানো হয়। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সালমানের বর্তমান অবস্থান জানতে চায় পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, সালমান আহমদ ২০২৩ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। দেশে থাকাকালে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রবাসে যাওয়ার পরও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।
পুলিশের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সালমানের বিরুদ্ধে সিলেটের আদালতে একটি মামলা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেওয়ার পর তার বাড়িতে গিয়ে তল্লাশি চালানো হয়।
তবে সালমানের স্থানীয় রাজনৈতিক বিরোধের বিষয়টি সামনে এনে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেশে থাকাকালে সালমান ছাত্রলীগের কর্মী ছিলেন। রাজনৈতিক বিরোধের কারণে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়ে থাকতে পারে।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ওসি মো. মনির হোসেন বলেন, সালমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে এবং আদালত পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের অংশ হিসেবে তার বাড়িতে গেলে পরিবারের সদস্যরা জানান, সালমান কোথায় আছেন তা তারাও জানেন না। এ বিষয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন