
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের বাসিন্দা প্রবাসী লেখক আলবেলাল মনজু ধর্মীয় উগ্র মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লেখালেখির জেরে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, আলবেলাল মনজু দেশে অবস্থানকালে সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে তিনি নিয়মিত লেখালেখি করতেন। বর্তমানে প্রবাসে অবস্থান করেও তিনি তাঁর লেখালেখির কার্যক্রম অব্যাহত রেখেছেন। বিশেষ করে ধর্মীয় উগ্র মৌলবাদ ও জঙ্গিবাদবিরোধী বিষয় নিয়ে লেখালেখির কারণে তিনি দীর্ঘদিন ধরে একটি উগ্রপন্থী চক্রের হুমকির মুখে রয়েছেন বলে পরিবারের দাবি।
অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর গ্রামের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। ঘটনার সময় আলবেলাল মনজু প্রবাসে অবস্থান করায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় বাসিন্দা আলীনূর ও কাজিল হকের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আলবেলাল মনজুর মামা ছায়াদ মিয়া ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। জিডি নম্বর: ৮৯৭ তারিখ: ১০ মার্চ ২০১৮ ইং। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আলবেলাল মনজু বা তাঁর পরিবারের কোনো ধরনের ক্ষতি সাধিত হলে সংশ্লিষ্ট হুমকিদাতা ব্যক্তিদের দায়ী করা হবে। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।