
স্টাফ রিপোর্টার : ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল। ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রদল। শুক্রবার (১ জানুয়ারি) জেলা ও মহানগর ছাত্রদলের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, রক্তদান ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করা হয়।
বেলা আড়াইটার দিকে নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। পরে সিলেট কেন্দ্রিয় শহিদমিনারে সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ টিপু, যুগ্ম আহ্বায়ক মুয়ীদুর রহমান ইমাদ ও মাসুদ রানা। এছাড়া বিকেলে সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে নগরীর লাক্কুতরা ও মালিনীছড়া বাগানের চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এসময় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানজিল হাসান খান বলেন, ছাত্রদল জন্মলগ্ন থেকেই মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে সোচ্চার ছিল। ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনেই ভূমিকা রেখেছে ছাত্রদল। ছাত্রদলের ইতিহাস মূলত সংগ্রামের ইতিহাস। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি স্বৈরাচারবিরোধী আন্দোলনে তারা প্রথম সারিতে রয়েছে। ১৯৮০ ও ৯০-এর দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথ কাঁপিয়ে তুলেছিল। এরশাদের পতনের পেছনে ছাত্রদলের সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। ছাত্রদলের সংগ্রামের মূল প্রেরণা তাদের নেতা কর্মীদের আত্মত্যাগ।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুয়ীদুর রহমান ইমাদ বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে ছাত্রদলের আন্দোলন চলবে। ছাত্র দলের ইতিহাস লড়াইয়ের ইতিহাস সংগ্রামের ইতিহাস, ছাত্রদল পূর্বেও মাঠে ছিল, সামনের দিনে জনমানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে ছাত্রদল মাঠে থাকবে। বর্তমানে ছাত্রদল কঠিন সময়ে দেশের গণতন্ত্রকামী মানুষকে নিয়ে স্বৈরাচারী সরকারের নিপীড়ন ও নির্যাতন উপেক্ষা করে রাজপথে তাদের সাহসিকতা ছাত্ররাজনীতির ইতিহাসে এক আলেখ্য উপাখ্যান, অবিকল্প ইতিহাস। ছাত্রদলের এই লড়াই চলুক জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য।
নেতৃবৃন্দ স্বৈরাচারী আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ আলম, মোশাররফ হোসেন মিজু, অমিত মল্লিক বিজয়, কামরুল ইসলাম, মাহফুজুর রহমান তালুকদার, সদস্য সচিব রাহিদ আলম নাইম ছাড়াও রেজাউল ইসলাম সাফি, খোকন আহমদ, বুরহান উদ্দিন ও রাবিদ হাসান পারভেজ প্রমুখ।