• ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

লন্ডনে ছেলের ‘সরকার বিরোধী’ ফেসবুক পোস্ট, পিতার দোকান লুটপাট অগ্নিসংযোগ করলো ছাত্রলীগ

Daily Jugabheri
প্রকাশিত জুন ২৬, ২০২১
লন্ডনে ছেলের ‘সরকার বিরোধী’ ফেসবুক পোস্ট, পিতার দোকান লুটপাট অগ্নিসংযোগ করলো ছাত্রলীগ

জৈন্তাপুর প্রতিনিধি :
জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী কাওসার আহমদের ফেসবুক পোস্টের জের ধরে তার পিতার ব্যবসা প্রতিষ্টানে ভাংচুর ও লুটপাট চালিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন অভিযোগ করেছেন সাবেক ছাত্রদল নেতা কাওসার আহমদের পিতা উসমান আলী।  জানা যায়, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাওসার আহমদ অতি সম্প্রতি যুক্তরাজ্যে গমন করেন। তবে সেখানে গিয়েই ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ছাত্রদলের পক্ষে ফেসবুকের টাইমলাইনে বিভিন্ন পোস্ট দিতে থাকেন। এছাড়া তিনি তার ফেসবুক পোস্টে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সরকার প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সমালোচনামূলক পোস্ট দেন। এসব পোস্টের জের ধরে তার খোজে জৈন্তাপুর বাজারস্থ তার পিতা উসমান আলীর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আলী ট্রেডার্সে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট তান্ডব চালায় উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা। উসমান আলী এ প্রতিবেদককে জানান, ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে উপজেলা ছাত্রলীগের ২৫/২৬ জন নেতাকর্মী আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। আমাকে মারধর করে। আমার ক্যাশ বাক্স থেকে নগদ সাড়ে ছয় লক্ষ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লূটপাট করে আগুন ধরিয়ে দেয়। ভাংচুর ও লুটপাটকারীদের চিনতে পেরেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজমূল ইসলাম, সৌরভ দাস,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুম আহমদ, আহমেদ সাজন এবং আনসার উদ্দিনের নেতৃত্বে ছাত্রলীগের সন্ত্রাসীরা এমন ন্যাক্কারজনক কাজ চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এসময় সন্ত্রাসীরা তার ছেলে কাওসারকে প্রকাশ্যে জবাই করে হত্যার হুমকি প্রদান করে। উসমান আলী আরো জানান, এর আগে ২০১৮ সালেও ছাত্রলীগের নেতাকর্মীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছিলেন। তবে এবারে ভাংচুর লূটপাটের পাশাপাশি আগুন দিয়ে পুড়িয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে তাকে রাস্তায় নামিয়ে দিয়েছেন বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।  পুলিশে রিপোর্ট করেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, জৈন্তাপুর থানায় সাধারণ ডায়রী নথিভূক্ত করতে গেলে থানার ওসি শ্যমল বণিক উলটো তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে জানান তিনি। ছেলে কেন ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দিয়েছে এমনটি জানতে চেয়ে ছেলেকে না পেলে উসমান আলীকে গ্রেফতার করা হবে বলে হুমকি দেন তিনি। এ বিষয়ে কথা বলতে জৈন্তাপুর থানার ওসি শ্যমল বণিকের মুঠোফোনে বেশ কয়েকবার কল করে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেন নি।

সংবাদটি শেয়ার করুন