দক্ষিণ সুরমায় কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্টা : আহত মা-মেয়ে

Daily Jugabheri
প্রকাশিত April 23, 2022
দক্ষিণ সুরমায় কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্টা : আহত মা-মেয়ে

দক্ষিণ সুরমা সংবাদদাতা:
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা এলাকায় কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টা করেছে সন্ত্রাসীরা। ওই কলেজ ছাত্রীকে অপহরণ করতে না পেরে হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। গতকাল দক্ষিণ সুরমা ধোপাঘাট এলাকায় হামলার ঘটনা ঘটে। অপহরণের শিকার ও আহত আলেয়া আলম হলেন সিলাম হাজীপুর গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী আলম মিয়ার মেয়ে। এ হামলায় আলেয়া আলম এর মা আহত হয়েছেন।
সূত্র জানায়, আলেয়া আলম একজন মেধাবী কলেজ শিক্ষার্থী। তিনি কলেজ-কোচিং সেন্টারে যাওয়া আসার সময় তাকে প্রতিনিয়ত নানা ধরনের কু-প্রস্তাব দিত সন্ত্রাসী আতাউর রহমান সানি। এতে সে রাজী হয়নি। পরবর্তীতে আলেয়া আলমকে বিয়ের জন্য তার পরিবারের উপর চাপ প্রয়োগ করা হয়। এতে রাজি হননি আলেয়া আলমের বাবা ও পরিবারের লোকজন। তখন সন্ত্রাসী আতাউর রহমান সানি ও তার বাহিনীর লোকজন বলে আলেয়া আলম-কে বিয়ে না দিলে কলেজে যাওয়ার সমর জোর পূর্বক তুলে নিয়ে যাবে বলে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার (১৯ এপ্রিল ২২ ইং) আলম মিয়া তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময়
আতাউর রহমান সানি ও তার দলের সন্ত্রাসীরা মিলে কাজির বাজার সেতুর উপর পেয়ে নানা ধরণের ধারালো অস্ত্রসহকারে পথরোধ করে হামলা চালায়। এসময় আলম মিয়া পালানোর চেষ্টা করলে তাকে এলোপাতাড়ি আঘাত করে মারাত্মক জখম করা হয় । তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সানি ও তার সন্ত্রাসী বাহিনী চলে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আলম মিয়া-কে দেখতে খাবার নিয়ে ওসমানী হাসপাতালে যাওয়ার পথে গতকাল শুক্রবার (২২ এপ্রিল২২ইং) আলম মিয়ার স্ত্রী ও বড় মেয়ে আলেয়া আলম প্রাইভেট কার গাড়িতে করে যাচ্ছিলেন, তখন দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ নেতা ও সিলাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন বক্ত এর নেতৃত্বে সন্ত্রাসী ছাত্রলীগ নেতা আতাউর রহমান সানি ও আরও ১০/১২জন সন্ত্রাসীরা ৬/৭টি মোটরসাইকেল নিয়ে দক্ষিণ সুরমা ধোপাঘাট এলাকায় হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে এবং আলম মিয়ার স্ত্রীকে মারপিট করে আলেয়া আলম-কে জোর পূর্বক অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করার চেষ্টা করে। তখন তাদের চিৎকারে স্থানীয় লোকজন এবং রাস্তা দিয়ে যাতায়াতকারিরা এগিয়ে আসেন এবং জড়ো হন। যার ফলে সন্ত্রাসীরা আলেয়া আলম-কে চড়-থাপ্পড় মেরে প্রাণে হত্যার হুমকি দিয়ে চলে যায়। সন্ত্রাসীদের ধস্তাদন্তি ও টানা হেচড়ার কারণে আলেয়া আলম গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাদেরকে তাৎক্ষণিক নর্থ ইষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এ ব্যাপারে কলেজ শিক্ষার্থী আলেয়া আলমের মা বলেন, সন্ত্রাসীদের অব্যাহত হুমকি ও শারিরীক, মানসিক নির্যাতনের কারণে তারা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় আছেন। সন্ত্রাসী সানি ও তার বাহিনীর কারণে তার মেয়ে আলেয়া আলমের পড়ালেখা বন্ধ হওয়ার সম্মুখীন। কিন্তু তারা কোথাও ন্যায় বিচার পাচ্ছেন না।
এ ব্যাপারে এসএমপি দক্ষিণ সুরমা থানা পুলিশ সূত্র জানায়, তারা শুনেছেন কলেজ শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা করে তদন্ত করলে জানা যাবে। তদন্তের পূর্বে কিছুই বলা যাবে না।

সংবাদটি শেয়ার করুন