• ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে আইনজীবী ও তার স্বামীকে হত্যার হুমকি : জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারি নিন্দা প্রকাশ

Daily Jugabheri
প্রকাশিত জুন ৯, ২০২২
সিলেটে আইনজীবী ও তার স্বামীকে হত্যার হুমকি : জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারি নিন্দা প্রকাশ

স্টাফ রিপোর্টার: সিলেট জজকোর্টের আইনজীবী জেসমিন জাহান শিলা ও তার স্বামীকে হুমকি এবং তার স্বামীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শামসুল হক ও সেক্রেটারি মাহফুজুর রহমান। তারা জানান, আইনজীবী ও তাদের পরিবারের নিরাপত্তা নেই। কুখ্যাত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার আইনজীবী হিসেবে লড়েছেন শিলা। অপরাধীদের আইনের কাঠগড়ায় দাড় করিয়ে কঠোর শাস্তির মুখোমুখি করেছেন তিনি। তাই সন্ত্রাসীরা এখন আইনজীবী শিলা ও তার পরিবারকে নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছে। এমনকি হামলা চালিয়েছে শিলার স্বামীর উপর।তাদের প্রাণনাশের চেষ্টা চালাচ্ছে সন্ত্রাসীরা। তাই যত দ্রুত সম্ভব সন্ত্রাসীদের আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ অনুরোধ জানান তারা।
জানা যায়, নগরীর সোনাপাড়া এলাকার কতিপয় কুখ্যাত সন্ত্রাসী কর্তৃক কিশোরী ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় বাদী পক্ষে লড়েছেন এডভোকেট জেসমিন জাহান শিলা। ঐ মামলার ১নং আসামী ১৪ বছরের কারাদন্ড হয়। সে বর্তমানে কারাগারে সাজা ভোগ করছে। অন্যান্য আসামিগণের বিরুদ্ধে দশ বছরের কারাদন্ড দেন আদালত। তারা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ারা জারি করা হয়েছে। এডভোকেট শিলার তৎপরতায় সন্ত্রাসীরা আইনের হাত থেকে রক্ষা পায়নি। তাই আসামিগণ এবং তাদের সহযোগীরা শিলার উপর ক্ষিপ্ত হয়ে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছে। এমনকি প্রাণে হত্যার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় গত ০৭/০৬/২০২২ ইং তারিখে সকাল ৮টার দিকে নগরীর সোনাপাড়ার বাসিন্দা এবং ধর্ষণ মামলার ১নং আসামির বড় ভাই ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারি জাহাঙ্গীর মিয়া এবং মামলায় সাজাপ্রাপ্ত অন্য দুই আসামীসহ কতিপয় সন্ত্রাসী শিলার বাসায় গিয়ে সাদা কাফনের কাপড় ও একটি চিরকুট দিয়ে আসে। উক্ত চিরকুটে শিলা তার স্বামীকে কাফনের কাপড় পরিধান করে নেওয়ার জন্য লিখে দেয় সন্ত্রাসীরা। ঐদিন দিবাগত রাত ১২টার দিকে শিলার স্বামী কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নগরীর মিরাবাজারস্থ মিষ্টির দোকান ফুলকলি’র সামনে আসলে উক্ত সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। এতে আহত হন তিনি। পরদিন জেসমিন জাহান শিলা নিজের ও তার স্বামীর জীবনের নিরাপত্তা চেয়ে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন যার নং- ২৭০। তারিখ: ০৮/০৬/২০২২ ইং।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, নিজের ও স্বামীর নিরাপত্তা চেয়ে জিডি করেছেন আইনজীবী জেসমিন জাহান শিলা। এখন এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন