তালিমপুরে শিবির সভাপতিকে কুপিয়ে জখম

Daily Jugabheri
প্রকাশিত September 26, 2022
তালিমপুরে শিবির সভাপতিকে কুপিয়ে জখম

অজিত দাস, বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি আব্দুল আহাদ (২৫) কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। রবিবার (২৫ সেপ্টেম্বর ২০২২) রাত আনুমানিক ১০টার দিকে এই ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৫ সেপ্টেম্বর ২০২২) রাত আনুমানিক ১০টার দিকে তালিমপুর ইউনিয়ন শিবির সভাপতি আব্দুল আহাদ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য খয়রুলের নেতৃত্বে একদল কর্মী আহাদের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে ব্যাপক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এক পর্যায়ে আব্দুল আহাদ জ্ঞান হারিয়ে ফেললে তাকে মৃত ভেবে ঘটনস্থলে ফেলে চলে যায় হামলাকারীরা। হামলার ঘটনা বুঝতে পেরে পথচারীরা দ্রুত আব্দুল আহাদকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর ২০২২) দুপুরে হাসপাতালে কথা হয় হামলার শিকার ছাত্রশিবিরের তালিমপুর ইউনিয়ন সভাপতি আব্দুল আহাদের সাথে। তিনি সাংবাদিকদের জানান, “২০১৮ সালের আমার চাচাকে হত্যা এবং বাবাকে হামলার মামলায় আমি সাক্ষী ছিলাম। এর কারণে দীর্ঘদিন ধরে আমাকে সাক্ষী না দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। থানায় জিডি করার চেষ্টা করলেও পুলিশ তা গ্রহণ করেনি। গত শনিবার রাত ১০টার দিকে বাজার থেকে বাড়িতে ফেরার পথে বিএনপির নেতা ও ইউনিয়ন মেম্বার খয়রুল হক, শাহিন এবং তাদের সহযোগীরা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। খয়রুল হক আমাকে চুরি দিয়ে স্ট্যাপিং করে রাস্তার পাশে ফেলে চলে যায়।”

এই বিষয়ে অভিযুক্ত খয়রুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে।

এ ব্যাপারে জানতে বড়লেখা থানার ওসি মোঃ ইয়ারদৌস হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন